বার্সেলোনাকে হারিয়ে হাকিমি: আমরাই সেরা
- 1
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশের যে সমীকরণ
- 2
বাভুমার ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৫
- 3
বিশ্বকাপের স্বত্ব বিক্রি থেকে লাল কার্ড বিতর্ক: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, জবাবের সময় ২ নভেম্বর
- 4
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা, মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ
- 5
৬৩ বছরে কেন কোনো গোলকিপার ব্যালন ডি’অর জিততে পারেননি?

বার্সেলোনাকে হারিয়ে হাকিমি: আমরাই সেরা
বার্সেলোনাকে হারিয়ে হাকিমি: আমরাই সেরা
ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে একের পর এক জয় দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে পিএসজি। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪–২ গোলে হারানোর পর এবার চ্যাম্পিয়নস লিগে একই ব্যবধানে বার্সেলোনাকে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারানোর পর তাই গর্বিত পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।
ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, এমন একটি দলের বিপক্ষে জয় পেলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের তাড়না আরও বেড়ে যায়।
‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’
বার্সেলোনার বিপক্ষে জয়টি পিএসজির জন্য শুধু তিন পয়েন্ট পাওয়ার ম্যাচ ছিল না। ইউরোপীয় ফুটবলে নিজেদের অবস্থানও জানান দেওয়ার সুযোগ ছিল এটি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল তারা। এবার মৌসুমের শুরু থেকে অপরাজিত থাকা বার্সেলোনাকেও হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে পিএসজি।
কঠিন ম্যাচেও পিএসজির মানসিকতা
বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি অবশ্য সহজ ছিল না। দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণও বারবার বদলেছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার সামর্থ্য নিয়ে সন্তুষ্ট হাকিমি।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে তিনি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’
সমর্থকদের জন্যও ম্যাচটি ছিল বিশেষ কিছু। হাকিমির ভাষায়, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’

লুইস এনরিকের অবদান
পিএসজির এই জয়ের পেছনে কোচ লুইস এনরিকের অবদানও আলাদা করে উল্লেখ করেছেন হাকিমি। প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা ধরে রাখতে কাজ করেন স্প্যানিশ কোচ।
‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’
লক্ষ্য আবারও চ্যাম্পিয়নস লিগ
জয়ের আনন্দে ভেসে না গিয়ে সামনে তাকাতে চান হাকিমি। এবারের মৌসুমে পিএসজির সবচেয়ে বড় লক্ষ্য আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। সেই লক্ষ্য পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
হাকিমি বলেন, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’
ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো ইউরোপের দুই শক্তিশালী দলের বিপক্ষে টানা জয়ের পর পিএসজির আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে, হাকিমির কথাতেই সেটি স্পষ্ট। তবে এই আত্মবিশ্বাসকে পুরো মৌসুমের সাফল্যে রূপ দিতে হলে সামনে আরও অনেক কঠিন পরীক্ষা পেরোতে হবে প্যারিসের ক্লাবটিকে।












