দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’

দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’
দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’
টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বোধ হয় এখানেই—পর্বতসম চাপের মধ্যেও দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া। ৩০ মিনিট, এক ঘণ্টা কিংবা একেকটি সেশন পার করে টিকে থাকার দৃঢ়তা। লাল বলের এই খেলায় শুধু ১১ জন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই নয়, একই সঙ্গে যুদ্ধ করতে হয় ক্লান্তি, স্নায়ুর চাপ ও হার না মানা মানসিকতার সঙ্গেও। টি-টোয়েন্টি ও টি-টেনের রমরমার এই যুগে তাই একটি রোমাঞ্চকর টেস্ট ম্যাচই হয়ে উঠতে পারে এই সংস্করণের সবচেয়ে বড় বিজ্ঞাপন।
কলম্বো টেস্টও যেন সেটিই প্রমাণ করল। জয়ের খুব কাছাকাছি গিয়েও শ্রীলঙ্কার কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে। জয় ও সিরিজে হোয়াইটওয়াশ হাতছাড়া হলেও শ্রীলঙ্কার লড়াইয়ের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।
ম্যাচ শেষে গিল বলেন, ‘আমরা প্রায় ১৫০ ওভার ফিল্ডিং করেছি, সাধ্যমতো সবকিছুই করেছি। আমার মনে হয় না এর চেয়ে ভিন্ন কিছু আমরা করতে পারতাম। আবহাওয়াকে মাথায় রাখলে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়ে কেবল ম্যাচ শেষ হওয়ার পর বিচার করা যায়। পরিস্থিতির বিচারে আপনি সেই মুহূর্তে সেরা সিদ্ধান্তটাই নেন। তবে কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি। তবুও এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল এবং আমি মনে করি আজ টেস্ট ক্রিকেটই জিতেছে।’
শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে গিল আরও বলেন, ‘আমাদের জন্য এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে, প্রতিপক্ষের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই অসাধারণ। আমার মনে হয় না আমরা অন্য কিছু করতে পারতাম। এই ম্যাচে তারা দারুণ বোলিং করেছে।’
ভারতের জয় ঠেকানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান সোনাল দিনুশা। পঞ্চম ও শেষ দিনেও দুর্দান্ত ছন্দ ধরে রেখে তুলে নিয়েছেন সিরিজের তৃতীয় সেঞ্চুরি। তাঁর অপরাজিত ১৩৩ রানের ইনিংসেই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা।
গলে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিল ভারত। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের সামনে ছিল হোয়াইটওয়াশের সুযোগ। কলম্বোতেও ২১৩ রানের বড় প্রথম ইনিংস লিড পাওয়ার পর জয় দেখছিল ভারত।
কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লিড ২১৬ রানে পৌঁছে দেওয়ার পথে আবারও ভারতের সামনে দেয়াল হয়ে দাঁড়ান দিনুশা। তাঁর অপরাজিত ১৩৩ রানের অসাধারণ ইনিংসেই শেষ পর্যন্ত জয় থেকে বঞ্চিত হয় ভারত।













