Image

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

লর্ডস টেস্টের প্রথম দিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারটি প্রচারের প্রতিবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও বিবেচনা করেছিল পিসিবি। শেষ পর্যন্ত অবশ্য নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইকেল আথারটন লর্ডসের রাইটার্স রুমে গত বুধবার ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। লাঞ্চ বিরতিতে প্রচারিত ১৮ মিনিটের সেই সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান সুলেইমান ও কাসিম। তাঁরা বলেন, কারাগারে থাকা বাবার জীবন নিয়ে তাঁরা শঙ্কিত।

ইমরান প্রায় তিন বছর ধরে কারাবন্দী। সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বাবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তাঁর দুই ছেলে।

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, লাঞ্চের আগেই স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানায় পিসিবি। এরপর সম্প্রচার কিছুটা পিছিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

টেস্ট শুরুর আগেও সাক্ষাৎকারটির একটি টিজার প্রচার করেছিল স্কাই স্পোর্টস। তবে পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী পিটিভি সেটি প্রচার করেনি।

ইমরানের চিকিৎসা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানে আলোচনা চলছে। গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাঁকে সেখানে না নিয়ে রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

ইমরানের বোন ও ছেলেদের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে তাঁকে শিফা হাসপাতালে নেওয়া হয়নি। পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

এর আগে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই চিঠিতে ইমরানকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আহ্বান জানানো হয়। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন মাইকেল আথারটনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা।

এটি ছিল ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।

তবে ইমরানকে কারাগারে নির্যাতন এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে সরকার দাবি করেছে, ২০২৩ সালের আগস্টে ইমরান কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে ৯০০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three