ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অঙ্কের অনুদান মেসির

ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অঙ্কের অনুদান মেসির
ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অঙ্কের অনুদান মেসির
ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের মাদ্রিদ অঞ্চলের সিয়েরা ওয়েস্তের মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা Lionel Messi। পুনর্গঠন ও জরুরি সহায়তা কার্যক্রমে তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার সমান।
মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট Isabel Díaz Ayuso মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “লিও মেসি সিয়েরা ওয়েস্তের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি খুব শিগগিরই তাকে মাদ্রিদে স্বাগত জানাতে পারব।”
সাম্প্রতিক দাবানল সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌরসভায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি, ঘরবাড়ি ও স্থানীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি অনলাইন অনুদান প্ল্যাটফর্ম চালু করেছে মাদ্রিদ প্রশাসন, যেখানে ব্যাংক ট্রান্সফারসহ বিভিন্ন উপায়ে অর্থ পাঠানো যাচ্ছে।
শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পুনর্গঠনের লক্ষ্যেও ৪৩ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, কর-সুবিধা এবং অবকাঠামো উন্নয়নে প্রায় ২ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
ফুটবল মাঠের বাইরেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে মেসির সম্পৃক্ততা দীর্ঘদিনের। তার প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন বিশ্বজুড়ে শিশুস্বাস্থ্য ও শিক্ষাখাতে নানা উদ্যোগ পরিচালনা করে আসছে।
এর আগেও ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় বার্সেলোনার একটি হাসপাতাল এবং তার জন্মশহর রোসারিওর একটি চিকিৎসাকেন্দ্রে মোট ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিলেন তিনি। বার্সেলোনার সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও মানবিক প্রশ্নে প্রতিদ্বন্দ্বী শহর বা ক্লাবকে আলাদা করে দেখেন না মেসি—সিয়েরা ওয়েস্তের জন্য তার এই সহায়তা সেই উদার মানসিকতার আরেকটি উদাহরণ।












