Image

একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 41 মিনিট আগেআপডেট: 5 মিনিট আগে
একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা সালমান খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। অথচ শৈশবে পরিবারের আর্থিক সংকটের কারণে সময়মতো স্কুলের বেতন দিতে না পারায় ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাঁকে। এমনকি একপর্যায়ে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় ‘টু মাচ’ অনুষ্ঠানে শৈশবের সেই দিনের কথা জানান সালমান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আমির খান।

বেতন দিতে না পারায় ক্লাসের বাইরে

সালমান জানান, দুষ্টুমির কারণে স্কুলে প্রায়ই তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। তবে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় একদিন অন্য কারণে তাঁকে বাইরে দাঁড় করানো হয়।

ছেলের এমন অবস্থার কারণ জানতে শিক্ষককে জিজ্ঞাসা করেছিলেন সালমানের বাবা সেলিম খান। শিক্ষক জানান, সালমান কোনো অপরাধ করেনি। সময়মতো স্কুলের বেতন পরিশোধ না করায় তাকে বাইরে রাখা হয়েছে।

সালমানের ভাষ্য অনুযায়ী, তখন তাঁর বাবা বলেছিলেন, ‘তাহলে তো আমাকে বাইরে দাঁড় করানো উচিত।’

পরে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যবস্থা করেন সেলিম খান। কিন্তু দুই সপ্তাহ পর একই ঘটনা আবার ঘটে। এবার সালমানকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়।

অনুষ্ঠানে আমির খানও জানান, তাঁদের পরিবারেও এমন আর্থিক সংকট ছিল। তাঁর মা-বাবাও সময়মতো স্কুলের বেতন দিতে পারতেন না। এ কারণে স্কুলের সমাবেশে তাঁদের নাম ঘোষণা করা হতো।

বাবারও ছিল অর্থকষ্ট

সালমানের শৈশবের সেই সময় তাঁর বাবা সেলিম খানও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ষাটের দশকে মুম্বাইয়ে আসার পর মেরিন ড্রাইভ এলাকার একটি অতিথিশালায় অর্ধেক ঘরের জন্য মাসে ৫৫ রুপি ভাড়া দিতেন তিনি।

‘অ্যাংরি ইয়াং মেন’ তথ্যচিত্রে সেলিম খান জানিয়েছিলেন, পুরো ঘর ভাড়া নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সে জন্য প্রয়োজনীয় ১১০ রুপি মাসিক ভাড়া দেওয়ার সামর্থ্য তখন ছিল না।

পরে অভিনয় থেকে চিত্রনাট্য লেখায় আসেন সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি লেখেন ‘জঞ্জির’, ‘শোলে’ ও ‘দিওয়ার’-এর মতো জনপ্রিয় সিনেমা। একসময় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া চিত্রনাট্যকারদের একজন হয়ে ওঠেন তিনি।

প্রথম পারিশ্রমিক মাত্র ৩১ হাজার রুপি

অর্থকষ্টের সেই সময় পেরিয়ে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন সালমান খান। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এর আগে ‘ফালাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি।

১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় নায়ক হিসেবে বড় সাফল্য পান সালমান। সিনেমাটি ব্যবসাসফল হলেও এরপর কয়েক মাস কাজ পাননি তিনি।

সালমানের ভাষ্য, সিনেমাটির সাফল্যের কৃতিত্ব তখন অনেকটাই নায়িকা ভাগ্যশ্রীর দিকে যাচ্ছিল। পরে তাঁর বাবা সেলিম খানের উদ্যোগে প্রযোজক জি পি সিপ্পি সালমানকে একটি সিনেমায় নেওয়ার ঘোষণা দেন। সেই খবর প্রকাশের পরই তাঁর কাছে একের পর এক কাজের প্রস্তাব আসতে শুরু করে।

‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় সালমানের প্রথম পারিশ্রমিক ছিল ৩১ হাজার রুপি। পরে তাঁর কাজ দেখে সেই পারিশ্রমিক বাড়িয়ে ৭৫ হাজার রুপি করা হয়।

তবে অভিনয়ে আসার আগেই উপার্জনের অভিজ্ঞতা হয়েছিল সালমানের। মাত্র ১৪ বছর বয়সে মুম্বাইয়ের তাজ হোটেলে একটি অনুষ্ঠানে পেছনের সারির নৃত্যশিল্পী হিসেবে নেচে তিনি পেয়েছিলেন মাত্র ৭৫ রুপি।

সেই সময় থেকে আজকের অবস্থানে আসা সালমান খানের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। ভারতের ধনী অভিনেতাদের তালিকায় তাঁর ওপরে রয়েছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। প্রতিবেদনে শাহরুখ খানের সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি এবং অমিতাভ বচ্চনের প্রায় ৪ হাজার কোটি রুপি বলা হয়েছে।

সামনে সালমানের দুই সিনেমা

সালমান খানকে সামনে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় দেখা যাবে। দীপাবলির পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বর্তমানে ‘মনস্টার’ সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে রয়েছেন নয়নতারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Details Bottom
Details ad One
Details Two
Details Three