Image

মেসিবিহীন নতুন যুগে ৪-০ গোলের জয়, আর্জেন্টিনার দুর্দান্ত শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
মেসিবিহীন নতুন যুগে ৪-০ গোলের জয়, আর্জেন্টিনার দুর্দান্ত শুরু

মেসিবিহীন নতুন যুগে ৪-০ গোলের জয়, আর্জেন্টিনার দুর্দান্ত শুরু

মেসিবিহীন নতুন যুগে ৪-০ গোলের জয়, আর্জেন্টিনার দুর্দান্ত শুরু

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা দারুণভাবেই করল আর্জেন্টিনা। মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রীতি ম্যাচে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নতুন যুগ’ বার্তা দিয়েছিল আর্জেন্টিনা। মাঠেও তার প্রতিফলন দেখা গেছে। মেসি ও নিকোলাস ওতামেন্দির অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পান ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো।

শুরু থেকেই বলের দখল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে প্রথমে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো পাস পেয়ে বক্সের মাথা থেকে জোরালো শটে বল জালে পাঠান ইন্টার মিলান তারকা।

এরপর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। পালাসিওসের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন কোমোর এই তরুণ তারকা।

প্রথমার্ধেই তৃতীয় গোলের সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সহজ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার আধিপত্য অব্যাহত থাকে। নিকো পাজের নেওয়া ফ্রি-কিক থেকে দারুণ হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক রোমেরো।

এরপর বদলি হিসেবে মাঠে নামা ফ্লাকো লোপেজ আর্জেন্টিনার চতুর্থ গোলটি করেন। দুর্দান্ত এক স্লাইডিং ফিনিশে বল জালে পাঠিয়ে বলিভিয়ার ফেরার সব সম্ভাবনা শেষ করে দেন তিনি।

ম্যাচের শেষদিকে অবশ্য কিছুটা উদ্বেগ তৈরি হয় আর্জেন্টিনা শিবিরে। মাথায় আঘাত পাওয়ার পর ব্যান্ডেজ বেঁধে মাঠ ছাড়েন লাউতারো মার্টিনেজ। তবে প্রাথমিকভাবে তাঁর চোট গুরুতর নয় বলেই জানা গেছে।

মেসিবিহীন ম্যাচে লাউতারো-আলভারেজের আক্রমণভাগ, নিকো পাজের সৃজনশীলতা এবং রোমেরোর নেতৃত্ব আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নতুন মেয়াদে স্কালোনির চুক্তি নবায়নের অপেক্ষার মধ্যেই দলের তরুণ ও অভিজ্ঞদের এই সমন্বয় সমর্থকদের আশাবাদী করে তুলেছে।

আর্জেন্টিনার সামনে এখন আরও দুটি প্রীতি ম্যাচ। শনিবার রাতে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। এরপর আগামী বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। সেই ম্যাচে মেসিকে দেখা যেতে পারে—যদিও তাঁর ভবিষ্যৎ উপস্থিতি এখনো নিশ্চিত নয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three