Image

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 22 সেকেন্ড আগে
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল

বিশ্বকাপের হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে নতুন করে পথচলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। সেই যাত্রার প্রথম পরীক্ষায় আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় টাউন্সভিলে শুরু হবে দুই দলের দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম লড়াই।

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারার পর ব্রাজিল দলে বড় ধরনের পরিবর্তনের পথে হেঁটেছেন কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়া সফরের ২৬ সদস্যের স্কোয়াডে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের মধ্যে মাত্র নয়জন জায়গা ধরে রাখতে পেরেছেন। দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ১০ জন নতুন মুখ।

নতুনদের সঙ্গে অবশ্য অভিজ্ঞ কয়েকজন তারকার ওপরও আস্থা রেখেছেন আনচেলত্তি। স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওসের মতো পরিচিত মুখ।

নতুনদের নিয়ে আশাবাদী গিমারাইস

দলে পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। তাঁর মতে, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার মতো শক্ত ভিত রয়েছে ব্রাজিলের ফুটবলে।

গিমারাইস বলেন, ‘আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিভা উঠে আসে। এমন একটি শক্তিশালী ভিত্তি থাকা খুব প্রয়োজন, যাতে কোচ সব সময় নতুনদের সুযোগ দিতে পারেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই নিয়েও আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার। তাঁর ভাষায়, ‘অস্ট্রেলিয়ার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আশা করি লড়াইটা দারুণ হবে। ইদানীং আমাদের সময় ভালো যাচ্ছে না। তবে আমার মনে হয় সুন্দর ফুটবল খেলে ম্যাচ জেতাই এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায়।’

শুরুর একাদশে একাধিক নতুন মুখ

ম্যাচের আগেই নিজের শুরুর একাদশ জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। গোলবারের দায়িত্বে থাকবেন মাত্র এক ম্যাচের অভিজ্ঞ উগো সুজা।

রক্ষণে থাকবেন মাতেউজিনিও, মার্কিনিওস, ভিতর রেইস ও দগলাস সান্তোস। মাঝমাঠে খেলবেন দানিলো সান্তোস ও ব্রুনো গিমারাইস।

আক্রমণভাগে রাফিনিয়ার সঙ্গে থাকবেন এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র। অর্থাৎ অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের সমন্বয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে দল সাজিয়েছেন আনচেলত্তি।

অস্ট্রেলিয়াতেও বড় পরিবর্তন

শুধু ব্রাজিল নয়, অস্ট্রেলিয়াও এই সিরিজে নতুনভাবে দল সাজিয়েছে। কোচ টনি পপোভিচ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন খেলোয়াড়কে বাদ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ম্যাট রায়ানও।

বিশ্বকাপের পর দুই দলের জন্যই এটি নতুন অধ্যায়ের শুরু। গত জুলাইয়ে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর আর মাঠে নামেনি কোনো দলই।

২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছিল। অন্যদিকে ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

আজকের ম্যাচের পর দুই দলের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি হবে আগামী মঙ্গলবার ব্রিসবেনে। ফলে অস্ট্রেলিয়া সফরটি আনচেলত্তির নতুন ব্রাজিলকে পরীক্ষা করার পাশাপাশি আগামী দিনের দল গঠনের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three