Image

ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 35 মিনিট আগে
ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’

ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’

ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। ইমরানকে যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি একজন মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন তিনি। দুর্নীতির বিভিন্ন মামলায় একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। তবে ইমরান ও তাঁর দল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে কারাগারে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা ওই চিঠিতে স্বাক্ষর করেন।

সাবেক অধিনায়কদের সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান ব্রায়ান লারা। পাকিস্তানের জন্য একসময় ইমরান খান যে আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তাঁর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো মিল খুঁজে পাচ্ছেন না বলে জানান ক্যারিবিয়ান কিংবদন্তি।

লারার ভাষায়, ইমরানের সঙ্গে মাঠে কয়েকবার দেখা হলেও তাঁর প্রতি শ্রদ্ধা দীর্ঘদিনের। খেলোয়াড়ি জীবনের সেরা সময়ে যিনি নিজের দেশের মানুষের কাছে আশা ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি এখন এমন অবস্থায় আছেন যেখানে যথাযথ চিকিৎসা, সহানুভূতি ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠছে—বিষয়টি তাঁকে গভীরভাবে ভাবাচ্ছে।

এরপর সাবেক অধিনায়কদের উদ্দেশে লারা বলেন, তিনি তাঁদের দাবির সঙ্গে একাত্ম। ইমরানকে যেন যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা দেওয়া হয় এবং একজন মানুষের প্রাপ্য সম্মান নিশ্চিত করা হয়—এটাই তাঁর আহ্বান।

লারার মতে, এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়; বরং ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি ন্যূনতম মানবিক দায়িত্ব।

এর আগে একই ধরনের দাবি জানিয়ে ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক। তবে সেই চিঠির কোনো জবাব না পাওয়ার পর নতুন করে ২১ সাবেক অধিনায়ক একই দাবিতে সরব হন।

ইমরানের চিকিৎসা নিয়েও এর আগে আইনি লড়াই হয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত তাঁকে সরকারি হাসপাতাল পিআইএমএসে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে কিংবা পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। সরকারের দাবি, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা ৯০০ বারের বেশি তাঁর সঙ্গে দেখা করেছেন।

ক্রিকেটার হিসেবে ইমরানের অবদান পাকিস্তানের ইতিহাসে অনন্য। দেশটির হয়ে তিনি ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। তাঁর নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেই সাফল্যের পর থেকেই তিনি দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত।

আর সেই বিশ্বকাপজয়ী অধিনায়কের বর্তমান পরিস্থিতিতেই এবার মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three