Image

রিয়ালের হয়ে সবটুকু দিতে চান কোনাতে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 31 মিনিট আগে
রিয়ালের হয়ে সবটুকু দিতে চান কোনাতে

রিয়ালের হয়ে সবটুকু দিতে চান কোনাতে

রিয়ালের হয়ে সবটুকু দিতে চান কোনাতে

নতুন মৌসুমের আগে একে একে নতুন কোচ ও খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। কোচ হোসে মরিনিও ও বের্নার্দো সিলভার পর বৃহস্পতিবার নতুন ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকে বরণ করে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

লিভারপুল ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেওয়া ২৭ বছর বয়সী কোনাতেকে বোর্ডরুমে স্বাগত জানান ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করা ফরাসি ডিফেন্ডার রিয়ালে পরবেন ১৬ নম্বর জার্সি। তাঁকে রিয়ালের জার্সির একটি রেপ্লিকা ও বিশেষ উপহারও দেন পেরেস।

ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতেন কোনাতে। তাঁর সেই স্বপ্নের শুরুটা হয়েছিল আরও ছোটবেলায় পাওয়া একটি উপহারের মাধ্যমে।

“আমি প্রথম যে ফুটবল জার্সিটি পেয়েছিলাম, সেটি ছিল রিয়াল মাদ্রিদের। আমার বড় ভাই আমাকে দিয়েছিল। সেই মুহূর্ত থেকেই এই অসাধারণ ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুবই খুশি।”

রিয়ালের জার্সিতে নিজের দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার বার্তা দিয়েছেন কোনাতে। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও ক্লাবের জন্য সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি তাঁর।

“আমি জানি, এই জার্সি পরলে প্রত্যাশা অনেক বেশি থাকে। আমি এখানে ক্লাবের হয়ে মাঠে ও মাঠের বাইরে নিজের সবটুকু দিয়ে লড়াই করতে এসেছি। আমি রিয়ালের ইতিহাসের অংশ হতে চাই, শিরোপা জিততে চাই এবং চ্যাম্পিয়ন্স লিগও জিততে চাই। এই জার্সির জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দেব।”

রিয়ালের রক্ষণে কোনাতের আগমন গুরুত্বপূর্ণ সংযোজন। গত মৌসুমে চোটের কারণে রক্ষণভাগে বেশ ভুগতে হয়েছিল দলটিকে। লিভারপুল ও ফ্রান্সের হয়ে খেলার অভিজ্ঞ এই সেন্টার-ব্যাক তাই কোচ মরিনিওর হাতে বাড়তি একটি নির্ভরযোগ্য বিকল্প তৈরি করতে পারেন।

ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিয়েছেন কোনাতে। ট্রান্সফার ফি ছাড়াই কিলিয়ান এমবাপে ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো তারকারাও সাম্প্রতিক সময়ে একইভাবে সান্তিয়াগো বের্নাবেউয়ে এসেছেন।

রিয়ালের হয়ে কোনাতের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের সঙ্গে অবশ্য পুরোনো এক স্মৃতিও জড়িয়ে আছে। ২০২২ সালের ফাইনালে লিভারপুলের হয়ে রিয়ালের বিপক্ষে হেরেছিলেন তিনি। এবার সেই প্রতিপক্ষের জার্সি ছেড়ে ইউরোপের সফলতম ক্লাবটির হয়েই মহাদেশসেরা হওয়ার স্বপ্ন দেখছেন।

নতুন মৌসুমে রিয়ালের শিরোপা-খরা কাটাতে তাই বড় ভূমিকা রাখতে চান কোনাতে। আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three