রদ্রির বার্সেলোনা-যাত্রা প্রায় চূড়ান্ত, সিটির সঙ্গে সমঝোতা: বিবিসি

রদ্রির বার্সেলোনা-যাত্রা প্রায় চূড়ান্ত, সিটির সঙ্গে সমঝোতা: বিবিসি
রদ্রির বার্সেলোনা-যাত্রা প্রায় চূড়ান্ত, সিটির সঙ্গে সমঝোতা: বিবিসি
রদ্রির ভবিষ্যৎ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা এবার শেষের পথে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে ৬ কোটি পাউন্ডের ট্রান্সফার ফিতে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।
বিবিসিসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে রদ্রি চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।
রদ্রিকে দলে পাওয়ার দৌড়ে স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও আগ্রহী ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে ৩০ বছর বয়সী এই তারকা নিজেই বার্সেলোনায় খেলার আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত তাঁর সেই ইচ্ছাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে।
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব-রেকর্ড ৬ কোটি ২৮ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। পেপ গুয়ার্দিওলার অধীনে খুব দ্রুতই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি।
সিটির জার্সিতে সাতটি সমৃদ্ধ মৌসুম কাটিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। এই সময়ে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি এফএ কাপসহ মোট ১২টি বড় শিরোপা।
তবে রদ্রির ক্যারিয়ারে গত দুই মৌসুম ছিল চোটে ভরা। গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। পরের মৌসুমেও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় বেশ কিছু ম্যাচে অনুপস্থিত থাকতে হয়েছে তাঁকে।
চোটের ধাক্কা পেছনে ফেলে গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে অবশ্য দুর্দান্ত ছন্দে ফিরেছেন রদ্রি। স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি।
২০২৪ সালের ব্যালন দ’অরজয়ী এই মিডফিল্ডারের সম্ভাব্য বার্সেলোনা-যাত্রা তাই শুধু একটি বড় দলবদল নয়, স্প্যানিশ ফুটবলে তাঁর নতুন অধ্যায়েরও সূচনা হতে যাচ্ছে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।












