রিয়ালকে শিরোপা এনে দেওয়ার অঙ্গীকার সিলভার

রিয়ালকে শিরোপা এনে দেওয়ার অঙ্গীকার সিলভার
রিয়ালকে শিরোপা এনে দেওয়ার অঙ্গীকার সিলভার
আনুষ্ঠানিক ঘোষণার ৩৩ দিন পর অবশেষে রিয়াল মাদ্রিদের নতুন খেলোয়াড় হিসেবে বের্নার্দো সিলভাকে পরিচয় করিয়ে দিল ক্লাবটি। যদিও এর আগেই প্রাক্-মৌসুমের প্রস্তুতি ম্যাচে ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে মাঠে নেমেছেন পর্তুগিজ মিডফিল্ডার।
৩২ বছর বয়সী সিলভা ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। সান্তিয়াগো বের্নাবেউয়ে তাঁর চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। নতুন ক্লাবে পা রেখে শৈশবের স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের পাশাপাশি উপস্থিত ছিলেন সিলভার পরিবারের সদস্যরাও। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিলভা বলেন, ছোটবেলা থেকেই রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি।
“ছোটবেলায় জানতাম না আমি ফুটবলার হব কি না। কিন্তু তখনও স্বপ্ন দেখতাম, একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলব। এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি।”
বের্নাবেউয়ে সমর্থকদের সামনে খেলার অপেক্ষাতেও রোমাঞ্চিত সিলভা। তাঁর লক্ষ্য শুধু রিয়ালের জার্সি পরা নয়, ক্লাবের ট্রফির সংখ্যা আরও বাড়ানো।
“সামনেই আমি বের্নাবেউয়ে খেলব এবং ভক্তদের সঙ্গে দেখা হবে। এখন সময় কঠোর পরিশ্রম করার এবং শিরোপা জেতা অব্যাহত রাখার—যেটা এই ক্লাব করতে অভ্যস্ত।”
চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি রিয়াল মাদ্রিদ। তবে গত দুই মৌসুম প্রত্যাশামতো কাটেনি তাদের। বড় কোনো শিরোপা জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। তাই নতুন মৌসুমে দলের ট্রফি-খরা কাটাতে নিজের সর্বোচ্চটা দিতে চান সিলভা।
রিয়ালের জার্সিতে ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দেখার অভিজ্ঞতাকেও বিশেষ বলে মনে করেন তিনি।
“আমি এখানে আগে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দেখা সবসময়ই দারুণ ব্যাপার। তবে খেলোয়াড় হিসেবে এখানে এসে তা দেখা আরও বিশেষ। এমন ক্লাবে খেলার সুযোগ সবাই পায় না।”
নতুন ক্লাবের বিশালত্বও কাছ থেকে অনুভব করেছেন সিলভা। তাঁর মতে, রিয়াল মাদ্রিদের ইতিহাস ও সাফল্য সম্পর্কে আগে থেকেই জানতেন, কিন্তু ক্লাবের ভেতরে এসে সেই বিশালতা আরও ভালোভাবে উপলব্ধি করেছেন।
এখন সামনে নতুন মৌসুম। রিয়ালকে আবারও শিরোপার লড়াইয়ে ফেরাতে কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছেন পর্তুগিজ তারকা।












