অবসরের পর এক বছর কিছুই করবেন না নেইমার, কেন ফুটবল দেখতেও বিরক্ত হন ব্রাজিলিয়ান তারকা?

অবসরের পর এক বছর কিছুই করবেন না নেইমার, কেন ফুটবল দেখতেও বিরক্ত হন ব্রাজিলিয়ান তারকা?
অবসরের পর এক বছর কিছুই করবেন না নেইমার, কেন ফুটবল দেখতেও বিরক্ত হন ব্রাজিলিয়ান তারকা?
১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে যাত্রা শুরু। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। এখন বয়স ৩৪। জীবনের বড় একটা সময় মাঠে কাটানো ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার ভাবছেন ফুটবল-পরবর্তী জীবন নিয়ে। অবসরের পর অন্তত এক বছর ফুটবল থেকে পুরোপুরি দূরে থেকে নিজের মতো করে সময় কাটাতে চান সান্তোসের এই ফরোয়ার্ড।
সান্তোসের হয়ে সাম্প্রতিক ভালো পারফরম্যান্সে উচ্ছ্বসিত নেইমার। তবে মাঠের বাইরের জীবন নিয়েও এখন থেকেই পরিকল্পনা করছেন তিনি। ‘ভারান্দা গুরমে’ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের পর নিজের ভাবনার কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমার বলেন, ‘অবশ্যই, খেলা ছাড়ার পর আমি এক বছর একেবারেই কিছু না করে কাটাব। এভাবে চলব—ধরুন, আজ যদি ফুটবল খেলতে ইচ্ছা করে, খেলব। আর যদি কিছুই করতে ইচ্ছা না করে, তাহলে কিছুই করব না।’
ফুটবল ভালোবাসেন, কিন্তু টিভিতে খেলা দেখতে বিরক্তি
ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকলেও টেলিভিশনে বসে সরাসরি ম্যাচ দেখতে খুব একটা পছন্দ করেন না নেইমার। বরং টিভিতে ফুটবল দেখতে গিয়ে বিরক্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন তিনি। বাস্কেটবল অবশ্য মাঝেমধ্যে দেখতে ভালো লাগে তাঁর।
নিজের এই অভ্যাসের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমার বলেন, ‘আমি টিভিতে ফুটবল দেখা পছন্দ করি না। বাস্কেটবল ভালো লাগে, তবে মাঝেমধ্যে। ফুটবল দেখতে বসলে আমি রেগে যাই।’
কেন এমন হয়, সেটিও ব্যাখ্যা করেছেন ব্রাজিলের এই তারকা। তাঁর মতে, ফুটবলকে ভালোবাসেন বলেই যে টেলিভিশনে বসে দীর্ঘ সময় ধরে ম্যাচ দেখতে হবে, এমনটা নয়। তাঁর ভালোবাসা মূলত মাঠে নেমে খেলার মধ্যে।
নেইমার বলেন, ‘সাক্ষাৎকারে কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় যখন এসব বলি, কেউ বিশ্বাস করে না। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু খেলতে ভালোবাসি। সোফায় বসে টিভি চালিয়ে একটা ম্যাচ দেখা আমার কাছে যথেষ্ট নয়।’

বার্সেলোনা-প্যারিসে সতীর্থদের ফুটবল দেখায় বিরক্ত হতেন
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলার সময়কার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন নেইমার। তখন সতীর্থরা তাঁর সঙ্গে থাকলে সপ্তাহান্তের বড় একটা সময় টেলিভিশনে ফুটবল দেখেই কাটাতেন। কিন্তু এতে মোটেও স্বস্তি পেতেন না তিনি।
নেইমারের ভাষায়, ‘প্যারিস ও বার্সেলোনায় সতীর্থরা যখন আমার সঙ্গে থাকত, প্রতি শনিবার ও রোববার টিভিতে শুধু ফুটবল চলত। আমি এতটাই বিরক্ত হতাম যে বসার ঘরেই থাকতাম না। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুটবল দেখা—আমি এটা সহ্য করতে পারি না।’
তবে টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখতে অনীহা থাকলেও ফুটবল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন নেইমার। ফুটবল নিয়ে তৈরি তথ্যচিত্র ও বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট দেখতে ভালো লাগে তাঁর।
এখনো মাঠেই ব্যস্ত নেইমার
অবসরের পর এক বছর বিশ্রামে কাটানোর পরিকল্পনা থাকলেও আপাতত ফুটবল ছাড়ার সময় হয়নি নেইমারের। সান্তোসের ১০ নম্বর জার্সিতে খেলা এই তারকা মাঠে নিজের পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করছেন।
সান্তোসের হয়ে আগামী শনিবার বাহিয়ার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাঁর। আপাতত তাঁর মনোযোগ খেলাতেই। তবে অবসরের পর এক বছরের বিরতি নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেন কি না, তা সময়ই বলে দেবে।














