ফ্রান্সে প্রথমবার মানুষের শরীরে শনাক্ত শামোন্ডা ভাইরাস, আক্রান্ত ব্যক্তির মৃত্যু

ফ্রান্সে প্রথমবার মানুষের শরীরে শনাক্ত শামোন্ডা ভাইরাস, আক্রান্ত ব্যক্তির মৃত্যু
ফ্রান্সে প্রথমবার মানুষের শরীরে শনাক্ত শামোন্ডা ভাইরাস, আক্রান্ত ব্যক্তির মৃত্যু
ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে প্রাণিবাহিত শামোন্ডা ভাইরাস (Shamonda virus)। ভাইরাসটিতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে বর্তমান তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের জন্য জনস্বাস্থ্যঝুঁকি শনাক্ত হয়নি বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইতালির সংবাদমাধ্যম রাই নিউজের ২২ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি আগে থেকেই রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে তাঁর মস্তিষ্কে কিছু জটিলতা দেখা দিয়েছিল, যা শামোন্ডা ভাইরাসের সংক্রমণের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কীভাবে ছড়ায় শামোন্ডা ভাইরাস?
শামোন্ডা ভাইরাস এক ধরনের অর্থোবুনিয়াভাইরাস, যা সিম্বু (Simbu) সেরোগ্রুপের অন্তর্ভুক্ত। এটি মূলত রক্তচোষা ক্ষুদ্র কীটের মাধ্যমে ছড়ায়। বিশেষ করেCulicoidesগোত্রের ছোট কামড়ানো মাছি এ ভাইরাসের বাহক হিসেবে পরিচিত।
১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ায় প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। এরপর আফ্রিকা, অস্ট্রেলিয়া ও জাপানের বিভিন্ন অঞ্চলে প্রাণীর মধ্যে বিচ্ছিন্নভাবে এর উপস্থিতি পাওয়া গেছে।
ইউরোপের বিভিন্ন দেশেও মিলেছে ভাইরাস
২০২৬ সালের গ্রীষ্মে প্রথমবারের মতো পশ্চিম ও মধ্য ইউরোপের কয়েকটি দেশে শামোন্ডা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লিশটেনস্টাইন ও অস্ট্রিয়া।
ইতালির ত্রেন্তো ও বলজানো প্রদেশের কয়েকটি দুগ্ধখামারের গরুর মধ্যেও সেপ্টেম্বরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়। মানুষের শরীরে শনাক্ত হওয়ার আগে পর্যন্ত ভাইরাসটি মূলত গবাদিপশুর সংক্রমণের সঙ্গেই পরিচিত ছিল।
সাধারণ মানুষের জন্য কতটা ঝুঁকি?
ফরাসি কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই একটি ঘটনা থেকে সাধারণ মানুষের জন্য ব্যাপক স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। তবে আক্রান্ত ব্যক্তির সংক্রমণের সুনির্দিষ্ট উৎস ও ভাইরাসটির মানবদেহে প্রভাব সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ECDC) জানিয়েছে, প্রথম মানব সংক্রমণের সম্ভাব্য জনস্বাস্থ্যগত প্রভাব পর্যালোচনা করতে তারা ফরাসি কর্তৃপক্ষ ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে।
বিশেষজ্ঞদের জন্য ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ এর আগে মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ নথিভুক্ত হয়নি। ভাইরাসটি কীভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে এর কোনো জনস্বাস্থ্যগত প্রভাব দেখা দিতে পারে কি না, তা জানতে আরও তদন্ত প্রয়োজন।
সূত্র:Rai News












