আইসিসির মাসসেরা পুরস্কারে ওয়েস্ট ইন্ডিজের জোড়া সাফল্য

আইসিসির মাসসেরা পুরস্কারে ওয়েস্ট ইন্ডিজের জোড়া সাফল্য
আইসিসির মাসসেরা পুরস্কারে ওয়েস্ট ইন্ডিজের জোড়া সাফল্য
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের জুলাইয়ের পুরস্কারে দারুণ ‘ডাবল’ করেছে ওয়েস্ট ইন্ডিজ। পুরুষ বিভাগে সেরা হয়েছেন জাস্টিন গ্রেভস, আর নারী বিভাগে মাসসেরার স্বীকৃতি পেয়েছেন তারই স্বদেশি হেইলি ম্যাথিউস।
পুরুষ বিভাগে গ্রেভসের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। জুলাইয়ে টেস্টে ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত ছিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের অসাধারণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতে একটি উইকেট নেন গ্রেভস। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ২৭ রানে ৫ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও নেন ২ উইকেট।
জুলাইয়ে দুই টেস্টে গ্রেভসের সংগ্রহ ছিল ২১৫ রান ও ৮ উইকেট।
নারী বিভাগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন হেইলি ম্যাথিউস। তিন ম্যাচে করেন ২৬৫ রান এবং নেন ৭ উইকেট। সিরিজে দুটি সেঞ্চুরিসহ তার অসাধারণ পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে। স্বাভাবিকভাবেই সিরিজসেরার পুরস্কারও পান তিনি।
আইসিসি জানিয়েছে, ২০২১ সালে পুরস্কারটি চালুর পর প্রথমবার একই মাসে পুরুষ ও নারী—দুই বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মাসসেরা হয়েছেন।














