Image

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 29 মিনিট আগে
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের কাছে আয়োজিত এই কর্মসূচি থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’খ্যাত হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

২৪ সেপ্টেম্বর ফার্স্ট অ্যাভিনিউয়ে ‘জিউয়িশ ভয়েস ফর পিস’সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘যুদ্ধ বন্ধ করো’ ও ‘ফিলিস্তিনকে মুক্ত করো’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

পুলিশের নির্দেশের পরও একদল বিক্ষোভকারী সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)। পরে বেশ কয়েকজনকে আটক করা হয়। Al Jazeera জানিয়েছে, NYPD-এর তথ্য অনুযায়ী ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

সুসান সারান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও বিক্ষোভে বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত সিনথিয়া নিক্সন, অভিনেতা এলিয়ট পেজ ও ইন্ডিয়া মুর এবং কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও সারাহ শারম্যান। তবে উপস্থিত সবাইকে গ্রেপ্তার করা হয়নি।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে প্রকাশ্যে কথা বলে আসছেন সারান্ডন। হান্নাহ আইনবাইন্ডারও গাজা ও ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করেছেন। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় হান্নাহ তাঁর আটকের ঘটনাকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর সঙ্গে যুক্ত করেন।

এদিকে নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের সময় অধিবেশনকক্ষ থেকে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বেরিয়ে যেতে দেখা যায়। বাইরে চলছিল বিক্ষোভ ও গ্রেপ্তার।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক ও সমালোচনা চলছে। ইসরায়েল অবশ্য গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। জাতিসংঘে দেওয়া ভাষণেও নেতানিয়াহু অভিযোগটি অস্বীকার করে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দেন।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে ঘিরে আয়োজিত এই বিক্ষোভে তাই রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের পরিচিত মুখদের অংশগ্রহণও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three