Image

বিয়ের বন্ধনে ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা, পূর্ণতা পেল এক দশকের প্রেম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 3 ঘন্টা আগে
বিয়ের বন্ধনে ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা, পূর্ণতা পেল এক দশকের প্রেম

বিয়ের বন্ধনে ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা, পূর্ণতা পেল এক দশকের প্রেম

বিয়ের বন্ধনে ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা, পূর্ণতা পেল এক দশকের প্রেম

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়ের বন্ধনে রূপ নিল। ৪১ বছর বয়সে এসে পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এখন বিবাহিত। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো। 

কয়েক দিন ধরেই রোনালদোর বিয়েকে ঘিরে নানা গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া এক অনুষ্ঠানে জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। বাগ্‌দানের ঘোষণা দেওয়ার এক বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তাঁরা।

রোনালদোর প্রতিনিধিরাও বিয়ের খবর নিশ্চিত করেছেন। তাঁর জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ এএফপিকে জানিয়েছে, একেবারেই ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে অনুষ্ঠিত এই আয়োজনে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও প্রকাশ করেন রোনালদো। ছবিতে জর্জিনার হাতের ওপর তাঁর হাত, দুজনের অনামিকায় বিয়ের আংটি। সঙ্গে ভালোবাসার প্রতীক এবং ‘সি’ ও ‘জি’ অক্ষর। ছবিটিই সমর্থকদের কাছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরা দেয়।

এর ঠিক এক বছর আগে, ১১ আগস্ট, জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দিয়ে রোনালদোর সঙ্গে তাঁর বাগ্‌দানের খবর জানিয়েছিলেন। সেই ছবিতে রোনালদোর হাতের ওপর নিজের হাত রেখে বড় একটি আংটি দেখিয়েছিলেন তিনি। এক বছর পর সেই গল্পের পরিণতি হলো বিয়েতে।

বিয়ের সম্ভাব্য স্থান নিয়ে আগে থেকেই নানা জল্পনা ছিল। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনত্রা কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরায় বিয়ের আয়োজন হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এমনকি মাদেইরার ফুনশালের একটি গির্জায় বিয়ে হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড়ও জমে যায়। শেষ পর্যন্ত অবশ্য সেখানে বিয়ে হয়নি। লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে কাসকাইসের একটি ভিলায় ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো-জর্জিনা।

রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে মাদ্রিদে। তখন একটি ফ্যাশন ব্র্যান্ডের শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই দুজনের সম্পর্কের শুরু। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।

পরের বছর প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাঁদের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন দুজন। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর এবার তাঁরা আইনগতভাবেও স্বামী-স্ত্রী।

এই জুটি শুধু ফুটবলপ্রেমীদের কাছেই নয়, বিশ্বজুড়েই পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফ্যাশন, হোটেলসহ বিভিন্ন ব্যবসায়ও তাঁদের বিনিয়োগ রয়েছে।

রোনালদোর পরিবারে রয়েছে পাঁচ সন্তান। বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্ম নেয়। এরপর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন রোনালদো। একই বছর জর্জিনার কোলে আসে তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে তাঁদের যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেলের জন্ম হয়। তবে জন্মের কিছুক্ষণ পরই মারা যায় অ্যাঞ্জেল।

মাঠের পারফরম্যান্সেও রোনালদো এখনো ইতিহাস গড়ে চলেছেন। পেশাদার ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা ৯৭৬। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে সাফল্যের পর বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। পাঁচবার ব্যালন ডি’অর জেতার পাশাপাশি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে লিগ শিরোপা জয়ের কীর্তিও আছে এই পর্তুগিজ তারকার। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও তাঁর দখলে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three