এশিয়া কাপের আগে পাকিস্তান দলে চোটের ধাক্কা, ছিটকে গেলেন নাজিহা

এশিয়া কাপের আগে পাকিস্তান দলে চোটের ধাক্কা, ছিটকে গেলেন নাজিহা
এশিয়া কাপের আগে পাকিস্তান দলে চোটের ধাক্কা, ছিটকে গেলেন নাজিহা
এশিয়া কাপ শুরুর ঠিক আগে চোটের ধাক্কা খেল পাকিস্তান নারী ক্রিকেট দল। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটার নাজিহা আলভি। তাঁর বদলি হিসেবে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্যাটার সাদাফ শামস।
সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরীক্ষায় নাজিহার বাঁ হাঁটুর পেছনের অংশে চোট ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।
নাজিহা ছিটকে যাওয়ায় রিজার্ভ তালিকা থেকে মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন সাদাফ। ২০২৩ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার। তবে ২০২৪ সালের অক্টোবরের পর আর এই সংস্করণে মাঠে নামা হয়নি তাঁর।
ওয়ানডেতে অবশ্য দুর্দান্ত ছন্দে আছেন সাদাফ। চলতি বছর ৯টি ওয়ানডেতে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে করেছেন ৪৮৮ রান।
দুবাইয়ে আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই আসরের ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।
পাকিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, থাইল্যান্ড ও হংকং। ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ফাতিমা সানার দল। এরপর ৫ সেপ্টেম্বর ভারতের এবং ৭ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড
ফাতিমা সানা (অধিনায়ক), আয়েশা জাফর, ইমান নাসির, আইমান ফাতিমা, গুল ফিরোজা, মোমিনা রিয়াসাত, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, সাইরা জাবিন, শাওয়াল জুলফিকার, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার, সাদাফ শামস।
রিজার্ভ: তাসমিয়া রুবাব, হুমনা বিলাল, মাহাম আনিস।













