Image

‘জেলার ২’-এর ট্রেলারে রজনী ঝড়, মুক্তি ১৫ অক্টোবর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 10 মিনিট আগে
‘জেলার ২’-এর ট্রেলারে রজনী ঝড়, মুক্তি ১৫ অক্টোবর

‘জেলার ২’-এর ট্রেলারে রজনী ঝড়, মুক্তি ১৫ অক্টোবর

‘জেলার ২’-এর ট্রেলারে রজনী ঝড়, মুক্তি ১৫ অক্টোবর

অবশেষে শেষ হলো অপেক্ষা। মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এর ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শক-ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।

প্রায় পৌনে দুই বছর আগে প্রকাশ পেয়েছিল সিনেমাটির টিজার। এরপর থেকেই সিক্যুয়াল নিয়ে কৌতূহলে ছিলেন রজনীকান্তের ভক্তরা। এবার প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ১০ দিন আগে প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ ট্রেলার।

আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর।

ট্রেলারের শুরুতেই রয়েছে টানটান উত্তেজনা। দুই মাস ধরে চলা একের পর এক ধ্বংসযজ্ঞের নেপথ্যে কে, তা খুঁজতে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তবে যার পরিচয় খোঁজা হচ্ছে, তার প্রকৃত পরিচয় বের করা প্রায় অসম্ভব বলে ইঙ্গিত দেওয়া হয় ট্রেলারে।

এরপরই পর্দায় হাজির হন রজনীকান্ত। অনিরুদ্ধর দুর্দান্ত আবহসংগীতের সঙ্গে তাঁর উপস্থিতি যেন পুরো ট্রেলারেই আলাদা মাত্রা যোগ করেছে।

আগের সিনেমার মতো এবারও রজনীকান্তকে দেখা গেছে ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে। কখনো হাতে স্টেনগান নিয়ে শত্রুদের ওপর গুলি চালাচ্ছেন, আবার কখনো নিজের স্বভাবসুলভ স্টাইল ও সংলাপে প্রতিপক্ষকে ভয় ধরাচ্ছেন। ট্রেলারজুড়ে রয়েছে তাঁর একের পর এক অ্যাকশন দৃশ্য।

তবে শুধু রজনীকান্ত নন, ট্রেলারে নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালানও। দেখা মিলেছে মোহনলালের। সিনেমাটিতে অতিথি শিল্পী হিসেবে তাঁর উপস্থিতি থাকছে বলে জানা গেছে।

ট্রেলারের একটি দৃশ্যে প্রতিপক্ষকে বেশ শান্তভাবেই প্রশ্ন করেন রজনীকান্ত—চা না কফি, কোনটি পছন্দ? আপাতদৃষ্টিতে সাধারণ এই কথোপকথনের আড়ালেই অবশ্য লুকিয়ে থাকে ভয়ংকর হুমকি।

শত্রুদের গুপ্তচরবৃত্তি, চ্যালা পাঠানো, ভয় দেখানো কিংবা মনস্তাত্ত্বিক কৌশলকে ‘সেকেলে’ বলে উড়িয়ে দেন রজনীকান্তের চরিত্র। এরপর নিজের কৌশলও জানিয়ে দেন তিনি—সব শত্রুকে এক জায়গায় জড়ো করে বোমা মেরে উড়িয়ে দেওয়া!

ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। অনেক ভক্তের মতে, ‘জেলার ২’ কেবল আরেকটি অ্যাকশন সিনেমা নয়; এটি রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ার ও তারকাখ্যাতির আরেকটি বড় উদ্‌যাপন।

কেউ কেউ এরই মধ্যে ভবিষ্যদ্বাণী করছেন, ‘জেলার ২’ হতে পারে প্রথম তামিল সিনেমা, যা ১ হাজার কোটি রুপির বক্স অফিস ক্লাবে প্রবেশ করবে। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়, তার উত্তর মিলবে মুক্তির পর।

রজনীকান্তের আগের সিনেমা ‘জেলার’ বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পর থেকেই সিক্যুয়ালের অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। এবার ট্রেলার প্রকাশের পর সেই অপেক্ষা আরও তীব্র হয়েছে। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ‘জেলার ২’ ঘিরে উত্তেজনাও তত বাড়ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three