Image

সেমিফাইনালের গেরো ছিঁড়ে ফাইনালে চোখ জ্যোতিদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 48 মিনিট আগে
সেমিফাইনালের গেরো ছিঁড়ে ফাইনালে চোখ জ্যোতিদের

সেমিফাইনালের গেরো ছিঁড়ে ফাইনালে চোখ জ্যোতিদের

সেমিফাইনালের গেরো ছিঁড়ে ফাইনালে চোখ জ্যোতিদের

২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে অবিস্মরণীয় শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর বারবার সেমিফাইনালে গিয়ে থেমেছে তাদের পথচলা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান নিগার সুলতানা জ্যোতিরা। লক্ষ্য একটাই—সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠা।

আগামী ২৮ আগস্ট দুবাইয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের নতুন আসর। আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার সন্ধ্যায় দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। এর আগে সোমবার হয়েছে দলের আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন।

এশিয়া কাপ সামনে রেখে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অনুশীলন ক্যাম্পের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক জ্যোতি। এবারের আসরে তাঁর দলের মূল লক্ষ্যও স্পষ্ট—ফাইনাল খেলা।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, “প্রস্তুতি অনেক ভালো হয়েছে। অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্রস্তুতির জায়গায় আমি মনে করি খুব ভালো ছিল। এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ে চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে। তাই আমরা এই বাধাটা পার করতে চাই।”

বাংলাদেশের ‘বি’ গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা।

গত আসরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের কারণে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়। এবার তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন জ্যোতি।

“গতবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে আমরা সেমিফাইনালে ভারতের সামনে পড়েছিলাম। তো সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে,” বলেন বাংলাদেশ অধিনায়ক।

গ্রুপ পর্বে ভালো অবস্থানে থাকলে সেমিফাইনালে ভারতকে এড়ানোর সুযোগ তৈরি হতে পারে। সে কারণে প্রতিটি গ্রুপ ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে করছেন জ্যোতি।

“গ্রুপ পর্বের খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সেক্ষেত্রে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হবে না। নইলে ভারতের সঙ্গে অনেক বেশি কঠিন পরিস্থিতি হয়ে যায়। সেদিক থেকে পাকিস্তানকে পেলে তুলনামূলক ভালো হবে।”

বাংলাদেশের ফাইনালে ওঠার পথে ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ মনে করছেন জ্যোতি। তাঁর মতে, শীর্ষ সারির ব্যাটাররা ভালো শুরু দিতে পারলে দল বড় সুযোগ তৈরি করতে পারবে।

“ফাইনাল খেললে তখন একটা শিরোপা জয়ের বিষয় থাকে। স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করছি। দল হিসেবে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে। বিশেষ করে টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারলে এই টুর্নামেন্টে আমাদের ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার।”

শ্রীলঙ্কাকে হারানো এবং এশিয়া কাপে ভালো করা বাংলাদেশের জন্য শুধু একটি টুর্নামেন্টের সাফল্য নয়, সামনে এশিয়ান গেমসেও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন জ্যোতি।

“ভালো ক্রিকেট খেলে যদি শ্রীলঙ্কাকে হারাতে পারি, আমাদের জন্য ভালো অর্জন হবে। এশিয়া কাপটা যদি ভালোভাবে খেলি, সেটা এশিয়ান গেমসেও বড় সুযোগ তৈরি করবে। মেয়েরা সবসময় চায় যেন একটা প্রচার পায়। আমাদের যেহেতু এরকম একটা রেকর্ডও আছে যে আমরা এটা অ্যাচিভও করেছি এশিয়া কাপে, তাই আমরা চাই আমাদের এরকম যেন আরেকটা মাইলফলক যোগ হয়।”

২০১৮-এর পর আর ফাইনাল নয়—এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three