ইসলামের প্রতি শ্রদ্ধা, ধর্মান্তরের খবর গুজব: রবার্তো কার্লোস

ইসলামের প্রতি শ্রদ্ধা, ধর্মান্তরের খবর গুজব: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি শ্রদ্ধা, ধর্মান্তরের খবর গুজব: রবার্তো কার্লোস
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর নাকচ করেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, ইসলামের প্রতি তাঁর ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে, তবে তিনি ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সত্য নয়।
তুরস্কের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা জল্পনার পর সৌদি সংবাদমাধ্যম ওকাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন কার্লোস।
তিনি বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাও চমৎকার লাগে। তবে আমি ইসলাম গ্রহণ করেছি—এমন যে গুজব ছড়িয়েছে, তা সত্য নয়।’
কার্লোসের স্ত্রী সোহাইলা এল তাহিরি একজন ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট। তাঁদের পরিচয় হয় ফুটবল-সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকে। কার্লোস জানান, ব্যক্তিগত ও পেশাগতভাবে তারা প্রায় দুই বছর ধরে একসঙ্গে আছেন।
দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানাতেই বিয়েতে ভিন্ন ধরনের দুটি আয়োজন করা হয়েছিল বলেও জানান কার্লোস। তাঁর পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের জন্য একটি অনুষ্ঠান এবং স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য ইসলামি রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরেকটি আয়োজন করা হয়।
কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনের পেছনে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতা আলি শাহিনের একটি বক্তব্যও ছিল। তিনি দাবি করেছিলেন, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছ থেকে কার্লোসের ইসলাম গ্রহণের খবর জেনেছেন। ইসলামি রীতির বিয়ের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুঞ্জন আরও জোরালো হয়।
তবে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করে দিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কার্লোস। ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সফল ক্যারিয়ারের পাশাপাশি তুরস্কের ফেনারবাহচেতেও ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেছেন তিনি।












