Image

৮৭ বছরের রেকর্ড ভাঙল আল নাসর, রোনালদোর হাত ধরে নতুন ইতিহাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৮৭ বছরের রেকর্ড ভাঙল আল নাসর, রোনালদোর হাত ধরে নতুন ইতিহাস

৮৭ বছরের রেকর্ড ভাঙল আল নাসর, রোনালদোর হাত ধরে নতুন ইতিহাস

৮৭ বছরের রেকর্ড ভাঙল আল নাসর, রোনালদোর হাত ধরে নতুন ইতিহাস

হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ। ফুটবলবিশ্বে যিনি পরিচিত ছিলেন ‘এল চারো’ বা ‘কাউবয়’ নামে। প্রথম ফুটবলার হিসেবে চারটি দেশে প্রথম বিভাগের লিগ শিরোপা জেতার কীর্তি ছিল তাঁর। অনেকের চোখে পেলে, দিয়েগো ম্যারাডোনা কিংবা আলফ্রেডো ডি স্টেফানোর মতো কিংবদন্তিদের সঙ্গেও তুলনীয় তিনি।

চল্লিশের দশকে রিভার প্লেটের বিখ্যাত ‘লা মাকিনা’ দলের অন্যতম সদস্য মোরেনো ছিলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি। আর্জেন্টিনার হয়ে দুবার কোপা আমেরিকা জেতা এই ইনসাইড ফরোয়ার্ডকে ঘিরে ছিল নানা গল্পও। কথিত আছে, তাঁকে গোলবঞ্চিত করতে পারলে গোলরক্ষককে স্বর্ণপদক দেওয়ার ঘোষণা দিয়েছিল স্থানীয় একটি পত্রিকা। এমনকি শটে গতি বাড়াতে বুটের মধ্যে লোহা ব্যবহার করতেন—এমন গুঞ্জনও ছিল।

১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের বছরেই মারা যান মোরেনো। কিন্তু এত বছর পর আবারও তাঁর নাম আলোচনায় এসেছে সৌদি আরবের ক্লাব আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে।

৮৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর

সৌদি প্রো লিগে গত পরশু আল খালিজের মাঠে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ম্যাচটি জিততে না পারলেও এই ড্রয়ের মধ্য দিয়েই ইতিহাস গড়েছে রোনালদোর দল। ঘরোয়া শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড এখন আল নাসরের।

এত দিন রেকর্ডটি ছিল রিভার প্লেটের দখলে। ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত আর্জেন্টিনার শীর্ষ লিগে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল তারা। ওই সময়ে রিভার প্লেটের খেলোয়াড়েরা করেছিলেন মোট ৩০১ গোল।

রিভার প্লেটের সেই ঐতিহাসিক দলের অন্যতম সদস্য ছিলেন মোরেনো। ১৯৩৫ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। চল্লিশের দশকের আরেক কিংবদন্তি ইনসাইড ফরোয়ার্ড অ্যাডলফো পেদেরনেরার সঙ্গে তাঁর জুটি ছিল রিভার প্লেটের ‘লা মাকিনা’র অন্যতম শক্তি।

রেকর্ড ছোঁয়াতে অবদান রোনালদোর

রিভার প্লেটের ৮৭ বছরের পুরোনো রেকর্ডে আল নাসরকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর।

৯ সেপ্টেম্বর সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন পর্তুগিজ তারকা। সেই গোলের মধ্য দিয়ে রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করে আল নাসর।

এরপর আল খালিজের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করেন সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই রিভার প্লেটকে ছাড়িয়ে যায় আল নাসর। অর্থাৎ ঘরোয়া শীর্ষ লিগে টানা ৯৪ ম্যাচে গোল করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ক্লাবটি।

আল নাসরের এই ধারাবাহিকতার শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল-রিয়াদকে ৪-১ গোলে হারানোর ম্যাচে গোল করেছিল তারা।

রিভার প্লেটের আরেকটি রেকর্ড এখনো অক্ষত

তবে আল নাসর রিভার প্লেটের সব রেকর্ড ভাঙতে পারেনি। লিগের পাশাপাশি অন্য সব অফিসিয়াল ম্যাচ হিসাব করলে এখনো আর্জেন্টাইন ক্লাবটির একটি রেকর্ড অক্ষত।

রিভার প্লেট একসময় টানা ৯৬টি অফিসিয়াল ম্যাচে গোল করেছিল, যা এখনো বিশ্বরেকর্ড। এই ধারায় ছিল ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে এএফএ ও এইউএফের দ্বিপক্ষীয় প্রতিযোগিতার দুটি ম্যাচ এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে জাতীয় কাপের একটি ম্যাচ।

অর্থাৎ ঘরোয়া শীর্ষ লিগে রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ড ভেঙে ফেললেও সব ধরনের অফিসিয়াল ম্যাচ মিলিয়ে ৯৬ ম্যাচের রেকর্ডটি এখনো অধরাই রয়ে গেছে।

মোরেনোর ‘লা মাকিনা’র সেই ইতিহাস তাই পুরোপুরি মুছে যায়নি। তবে ৮৭ বছর পর সৌদি আরবের মাটিতে রোনালদোদের আল নাসর সেই ইতিহাসের একটি অধ্যায় অবশ্যই নতুন করে লিখে ফেলেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three