Image

আনচেলত্তিও নিশ্চিত করলেন, ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আনচেলত্তিও নিশ্চিত করলেন, ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার

আনচেলত্তিও নিশ্চিত করলেন, ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার

আনচেলত্তিও নিশ্চিত করলেন, ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার

বিশ্বকাপের পরই অনেকটা স্পষ্ট করে দিয়েছিলেন নেইমার—ব্রাজিলের জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। এবার সেই বিষয়টি নিশ্চিত করলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও। গত বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর সেলেসাওদের নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করছেন ইতালিয়ান এই কোচ।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে একজন অসাধারণ ও অনন্য প্রতিভা।’

নেইমার অধ্যায়ের সমাপ্তি মেনে নিয়ে এখন ব্রাজিলকে নতুন করে সাজাতে চান আনচেলত্তি। তাঁর বড় লক্ষ্য ২০৩০ বিশ্বকাপের মধ্যে ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনা। সে জন্য তরুণ প্রতিভাদের ওপর বেশি গুরুত্ব দিতে চান তিনি।

আনচেলত্তির পরিকল্পনায় ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলাররা বিশেষ গুরুত্ব পাচ্ছেন। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়কেও ভবিষ্যতের জন্য বিবেচনা করছেন তিনি।

ব্রাজিল কোচ বলেন, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন এমন তরুণ খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে হবে, যারা ভবিষ্যৎ হতে পারে—যেমন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়েরা।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণও আমাদের আছে, যারা এখনো খেলছে না, তবে ভবিষ্যতে খেলতে পারবে। এখন তাদের বয়সকে গুরুত্ব দিয়ে তাদের দিকে তাকানোর সময়।’

তবে অভিজ্ঞ খেলোয়াড়দের একেবারে বাদ দেওয়ার পক্ষেও নন আনচেলত্তি। তাঁর মতে, বয়স কখনো ভালো পারফরম্যান্সের পথে বাধা হওয়া উচিত নয়। ৩৬ কিংবা ৩৭ বছর বয়সেও একজন ফুটবলার নিজের সেরাটা দিতে পারেন।

তবে ব্রাজিলের ক্ষেত্রে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে বলে মনে করেন তিনি।

ব্যক্তিগত প্রতিভা নয়, দলীয় ফুটবল

ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় সমালোচনা হলো, খেলোয়াড়েরা অনেক সময় দলীয় কাঠামোর চেয়ে ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর দিকে বেশি মনোযোগী থাকেন। আনচেলত্তি সেই সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চান।

তাঁর বিশ্বাস, আধুনিক ফুটবলে শুধু একজন বা দুজন তারকার ওপর নির্ভর করে সাফল্য পাওয়া কঠিন। বরং শক্তিশালী দলীয় কাঠামোই হতে পারে ব্রাজিলের ভবিষ্যতের ভিত্তি।

আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বাস করি, আধুনিক ফুটবলে দলগত কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত প্রতিভা নয়। আপনার যদি দারুণ ব্যক্তিগত প্রতিভা থাকে, তাহলে জয়ের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আধুনিক ফুটবলে দলগত কাজটা জরুরি।’

নতুন প্রজন্মের প্রতিভাবানদের খুঁজে বের করে আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী করে তোলাই এখন তাঁর অন্যতম লক্ষ্য। নেইমারের মতো অনন্য প্রতিভার বিকল্প খোঁজার বদলে তাই একটি ভারসাম্যপূর্ণ দল গড়তেই বেশি গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি।

নেইমার-পরবর্তী ব্রাজিলের সামনে এখন বড় প্রশ্ন—একজন মহাতারকার শূন্যতা কীভাবে পূরণ করবে দলটি? আনচেলত্তির উত্তর, কোনো একক তারকার ওপর নির্ভর না করে দল হিসেবেই শক্তিশালী হয়ে ওঠা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three