ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজ আগামী অক্টোবর ও নভেম্বরে

ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজ আগামী অক্টোবর ও নভেম্বরে
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজ আগামী অক্টোবর ও নভেম্বরে
পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ব্যস্ত আন্তর্জাতিক মৌসুম। আগামী অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে তারা। দুই সিরিজের মাঝখানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে পাকিস্তান।
অক্টোবরে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের নতুন মৌসুম। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই হবে পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পাঁচ দিন পর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৩১ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।
রাওয়ালপিন্ডিতে ২০ ও ২২ অক্টোবর ইংল্যান্ড খেলবে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর সিরিজের বাকি চার ম্যাচের জন্য তিন দলই চলে যাবে লাহোরে।
টানা দ্বিতীয় বছর ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করছে পাকিস্তান। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একই ধরনের সিরিজ আয়োজন করেছিল তারা।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ৯ থেকে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্ট লাহোরে ১৭ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি হিসেবে ইসলামাবাদে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ। গত বছরের অক্টোবরে একই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল পাকিস্তান। এই চক্রে তাদের শেষ সিরিজ আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৯ দলের পয়েন্ট তালিকায় পাকিস্তান বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।
এদিকে ইংল্যান্ডের ২০২৬-২৭ মৌসুমের ব্যস্ত শীতকালীন সূচির শুরু হবে এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে। পাকিস্তান সফর শেষে অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
এরপর ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষে আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তারা। সবশেষে মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট খেলতে আবার অস্ট্রেলিয়ায় ফিরবে ইংল্যান্ড।












