Image

ইউনাইটেডে লিসান্দ্রো–বোমা, রুনির শঙ্কা ড্রেসিংরুমের ঐক্য থাকবে না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
ইউনাইটেডে লিসান্দ্রো–বোমা, রুনির শঙ্কা ড্রেসিংরুমের ঐক্য থাকবে না

ইউনাইটেডে লিসান্দ্রো–বোমা, রুনির শঙ্কা ড্রেসিংরুমের ঐক্য থাকবে না

ইউনাইটেডে লিসান্দ্রো–বোমা, রুনির শঙ্কা ড্রেসিংরুমের ঐক্য থাকবে না

আতলেতিকো মাদ্রিদের কাছে ২–০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। ম্যাচের পর ক্লাবের দল গঠন ও দলবদল নীতির সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন লিসান্দ্রো মার্তিনেজ। আর আর্জেন্টাইন ডিফেন্ডারের এমন প্রকাশ্য সমালোচনা ড্রেসিংরুমের ঐক্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি।

মাদ্রিদে হারের পর অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, কোচ বা খেলোয়াড়দের ওপর এককভাবে দায় চাপিয়ে সমস্যার সমাধান হবে না। ক্লাবের ওপর মহলকেও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে দলকে আরও শক্তিশালী করতে গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত বিনিয়োগ না করার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

মার্তিনেজ বলেন, “আমি আরও বিনিয়োগ আশা করি। শতভাগ। আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছে আরও বেশি কিছু চাই। খেলোয়াড় হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। তবে এমন একটি শক্তিশালী স্কোয়াড গঠন করাও জরুরি, যা এ ধরনের রাতের জন্য প্রস্তুত থাকে।”

ক্যারিকের ওপর চাপ বাড়তে থাকলেও তাঁর দিকে সরাসরি আঙুল তুলতে রাজি নন মার্তিনেজ। বরং বারবার কোচ পরিবর্তনের পরিবর্তে ক্লাবের অন্য স্তরগুলোর দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

“বারবার ম্যানেজার বদলাতে পারেন না। তাহলে অন্য দিকগুলোর কী হবে? কোচের ওপর দোষ চাপানো বা খেলোয়াড়দের দোষ দেওয়া সহজ, তবে আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে,” বলেন মার্তিনেজ।

মার্তিনেজের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক বলেন, তিনি বিষয়টি দেখেননি, তাই এ মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না। তাঁর মতে, সবাই ক্লাবের জন্য ভাবে এবং প্রত্যেকে নিজের মতো করে সেটি প্রকাশ করে।

তবে মার্তিনেজের বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন ওয়েইন রুনি। তাঁর মতে, সতীর্থদের মান নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা ড্রেসিংরুমের জন্য সমস্যার কারণ হতে পারে।

রুনি বলেন, “এটা তাঁর সতীর্থদের প্রতি অসম্মানজনক। সে বলতে চাইছে যে তাঁর সতীর্থরা যথেষ্ট ভালো নয়। এ কথা বলার অধিকার একমাত্র ব্রুনোর (ফার্নান্দেজ) রয়েছে। বন্ধ দরজার আড়ালে এমন আলোচনা হতেই পারে। মার্তিনেজ খেলোয়াড়দের হয়ে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু পদ্ধতিটা ভুল।”

নিজের অতীতের উদাহরণও টেনেছেন রুনি। ২০১০ সালে ইউনাইটেডের প্রকাশ্য সমালোচনা করার পর তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। রুনি পরে সেটিকে নিজের ভুল হিসেবে স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন।

অন্যদিকে, মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়েরার মনে করেছেন, ক্যারিকের সঙ্গে কিছুটা অবিচার করা হচ্ছে।

আতলেতিকোর বিপক্ষে হারের পর ইউনাইটেডের ওপর চাপ আরও বেড়েছে। ইউরোপীয় প্রতিযোগিতায় আতলেতিকোর বিপক্ষে পাঁচ দেখায় এটি ছিল তাদের তৃতীয় হার; এখনো জয়ের দেখা পায়নি তারা। অন্তর্বর্তীকালীন কোচ থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়া ক্যারিকের জন্য পরিস্থিতি তাই আরও কঠিন হয়ে উঠছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three