Image

২৪ ম্যাচ পর থামল স্পেন, পর্তুগালের জয়ে বিশ্বকাপের পথে নতুন স্বপ্ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 53 মিনিট আগেআপডেট: 36 মিনিট আগে
২৪ ম্যাচ পর থামল স্পেন, পর্তুগালের জয়ে বিশ্বকাপের পথে নতুন স্বপ্ন

২৪ ম্যাচ পর থামল স্পেন, পর্তুগালের জয়ে বিশ্বকাপের পথে নতুন স্বপ্ন

২৪ ম্যাচ পর থামল স্পেন, পর্তুগালের জয়ে বিশ্বকাপের পথে নতুন স্বপ্ন

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কথা নয়, এবার আলোচনায় দেশটির ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ২৪ ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেয়েছে স্পেন। তাদের দুর্দান্ত জয়যাত্রা থামিয়েছে পর্তুগাল।

বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে স্পেনকে ৫৭ রানে হারিয়ে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পর্তুগাল। সেই ধাপ পেরোতে পারলে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারেও খেলার সুযোগ পাবে তারা।

পর্তুগালের কাছে হারের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়া হলো না স্পেনের। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫ টেস্টে অপরাজিত থাকার রেকর্ড এখনো অস্ট্রেলিয়ার দখলে।

২০০৯-১০ সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে হেরে ২৫ ম্যাচের রেকর্ড ছোঁয়ার সুযোগ হারায় তারা।

তবে টানা জয়ের হিসাবে অস্ট্রেলিয়ার পুরোনো রেকর্ড ইতিমধ্যেই পেছনে ফেলেছিল স্পেন। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টানা ২০ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত টানা ২৪ ম্যাচ জিতেছে স্পেন।

এবার সেই জয়যাত্রার ইতি ঘটল পর্তুগালের কাছে।

স্পেনকে হারিয়ে অবশ্য শুধু একটি ম্যাচই জেতেনি পর্তুগাল, বরং বিশ্বকাপের পথেও বড় এক ধাপ এগিয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে টানা পাঁচ ম্যাচ জিতেছে পর্তুগাল।

ফাইনালে আগে ব্যাট করে হেনরিকসের দল সংগ্রহ করে ১৬০ রান। জবাবে স্পেনের ইনিংস থেমে যায় মাত্র ১০৩ রানে। এই বাছাইপর্বে ১৯০-এর বেশি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে আছেন হেনরিকস।

পর্তুগালের এই দলে আছেন বাংলাদেশের ক্রিকেটার সিরাজ উল্লাহ খাদেমও। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এই জয়ের ফলে ইউরোপ কোয়ালিফায়ারে পর্তুগালের সঙ্গী হয়েছে জার্সি ও ডেনমার্ক। এই পর্বে খেলবে স্কটল্যান্ডও। অন্যদিকে ইউরোপের দুই দল ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে।

Details Bottom