Image

ইমরান খানের চিকিৎসায় ২২ সাবেক অধিনায়কের চিঠি, শাহবাজ শরিফকে ৩ দাবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইমরান খানের চিকিৎসায় ২২ সাবেক অধিনায়কের চিঠি, শাহবাজ শরিফকে ৩ দাবি

ইমরান খানের চিকিৎসায় ২২ সাবেক অধিনায়কের চিঠি, শাহবাজ শরিফকে ৩ দাবি

ইমরান খানের চিকিৎসায় ২২ সাবেক অধিনায়কের চিঠি, শাহবাজ শরিফকে ৩ দাবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ২২ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেওয়া এক চিঠিতে তারা ইমরানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

গত ছয় মাসের মধ্যে ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক অধিনায়কদের এটি দ্বিতীয় চিঠি। সর্বশেষ বার্তায় তারা দাবি করেছেন, ইমরানের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছিলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।

সাবেক অধিনায়কদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী হাসপাতালে নেওয়ার পর ইমরানকে সেখানে মাত্র কয়েক ঘণ্টা রাখা হয়েছিল। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ড পরীক্ষা শেষ করার আগেই রাষ্ট্রনিযুক্ত একটি চিকিৎসক দল তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে আবার কারাগারে পাঠিয়ে দেয়।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন ডা. উজমা খানের থাকার কথা ছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগও পুনর্বহাল করেছিলেন আদালত।

সাবেক অধিনায়কদের ৩ দাবি

চিঠিতে ইমরানের বিষয়ে তিনটি নির্দিষ্ট দাবি তুলে ধরেছেন সাবেক অধিনায়করা।

প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন মেডিকেল বোর্ডকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে খবর সামনে এসেছে, সেটিকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয়ত, আদালত পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ যেন কোনো প্রশাসনিক জটিলতা বা অযথা বিলম্বের কারণে বন্ধ না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

তৃতীয়ত, মেডিকেল পরীক্ষায় যে চিকিৎসার সুপারিশ করা হবে, ফলাফল যাই হোক না কেন, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

চিঠিতে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন সাবেক অধিনায়করা। তারা বলেছেন, রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং ক্রিকেট মাঠে ইমরানের সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসেবে তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে এই আবেদন জানাচ্ছেন। পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার বিচার করা তাদের উদ্দেশ্য নয় বলেও উল্লেখ করেছেন তারা।

চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনিল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলিপ ভেঙসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন। সে সময় ইমরানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কারাগারে চিকিৎসায় অবহেলার কারণে তার এক চোখের দৃষ্টিশক্তি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দুর্নীতির মামলায় ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ডও রয়েছে। ২০২৪ সালের নির্বাচনের আগে স্ত্রী বুশরা বিবির সঙ্গে বিয়ের ক্ষেত্রে নির্ধারিত অপেক্ষার সময় না মানার অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ইমরানের বিচারপ্রক্রিয়া ও কারাগারে তার অবস্থার বিষয়ে এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে।

এবার বিশ্বের সাবেক ২২ অধিনায়কের চিঠিতে ইমরানের চিকিৎসা, স্বাধীন মেডিকেল পরীক্ষা এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের বিষয়টি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three