Image

ইমরান খানের বন্দিজীবন নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের উদ্বেগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 13 মিনিট আগে
ইমরান খানের বন্দিজীবন নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের উদ্বেগ

ইমরান খানের বন্দিজীবন নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের উদ্বেগ

ইমরান খানের বন্দিজীবন নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের উদ্বেগ

 

পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের বন্দিজীবন নিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক। বিষয়টি নিয়ে তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

এ চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তাঁরা প্রত্যেকেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

চিঠিতে তাঁরা স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থান থেকে নয়, বরং সাবেক ক্রিকেট অধিনায়ক হিসেবে মানবিক উদ্বেগ থেকেই তাঁরা বিষয়টি সামনে এনেছেন।

‘রাজনীতি নয়, বিষয়টি মানবতার’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের এই দল জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে চলমান কোনো আইনি বা রাজনৈতিক মামলায় তাঁরা পক্ষ নিচ্ছেন না। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও বিচারিক বিষয় নিয়েও তাঁদের কোনো অবস্থান নেই।

তাঁদের মূল উদ্বেগ ইমরানের কারাগারে থাকা অবস্থায় তাঁর সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেটি নিয়ে। চিঠিতে বলা হয়েছে, অপর্যাপ্ত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগের ওপর বিধিনিষেধ এবং আইনি সহায়তা পাওয়ার সীমাবদ্ধতা নিয়ে ইমরানের পরিবারের সদস্যরা বেশ কয়েক মাস ধরেই প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছেন।

সাবেক অধিনায়কদের বক্তব্যের মূল সুর—রাজনৈতিক অবস্থান যা-ই হোক, একজন বন্দীর স্বাস্থ্য ও মানবিক অধিকার নিশ্চিত করা মৌলিক মানবিক বিষয়।

এর আগেও ইমরানের পক্ষে চিঠি

ইমরান খানের জন্য আন্তর্জাতিক ক্রিকেট মহল থেকে এমন আবেদন অবশ্য নতুন নয়। গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়ে ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।

ওই চিঠিতে বলা হয়েছিল, ইমরানের বর্তমান চিকিৎসাসেবা সুপ্রিম কোর্টের নির্দেশনার তুলনায় অপ্রতুল। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানানো হয়।

সাবেক অধিনায়কদের পক্ষ থেকে তখন তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছিল—সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ নিশ্চিত করা এবং স্বাস্থ্য পরীক্ষার ফল অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করা।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়কের স্বাক্ষরে ইমরানের বিষয়ে প্রথম চিঠি পাঠানো হয়েছিল। এরপর পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মইন খান তাঁর সুচিকিৎসা ও মুক্তির আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও ইমরানের পক্ষে কথা বলেছেন।

পেনি ওংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত মাসে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিলেন গ্রেগ চ্যাপেল। তবে এখন পর্যন্ত সেই অনুরোধের কোনো জবাব পাননি তিনি।

নতুন চিঠির মাধ্যমে এবার ইমরানের কারাবন্দী অবস্থার মানবিক দিকটি আরও একবার অস্ট্রেলিয়া সরকারের সামনে তুলে ধরলেন দেশটির সাবেক অধিনায়কেরা।

১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান

ইমরান খান পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর একাধিক মামলা ও সাজায় ইমরান কারাবন্দী হন। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁর বন্দিজীবন নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সাবেক তারকাদের উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three