১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনিও, ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগে নতুন অধ্যায়

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনিও, ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগে নতুন অধ্যায়
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনিও, ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগে নতুন অধ্যায়
অবসরের ঘোষণা দিয়েছিলেন ২০১৮ সালে। তবে পেশাদার ফুটবলে তাঁর শেষ ম্যাচ ছিল তারও প্রায় তিন বছর আগে। এবার দীর্ঘ ১১ বছর পর আবারও পেশাদার ফুটবলে ফেরার অপেক্ষায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।
বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আনুষ্ঠানিকভাবে রোনালদিনিওকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। টানা বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৬ হাজার দর্শক সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল ‘রোনালদিনিও ডে’। অনুষ্ঠানে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে নিয়ে ছবি তুলেছেন ব্রাজিলের এই কিংবদন্তি।
রোনালদিনিওর সর্বশেষ পেশাদার ম্যাচ ছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। যদিও এর পরও বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে খেলেছেন, পেশাদার ফুটবল থেকে তাঁকে এতদিন দূরেই দেখা গেছে।
এবার সেই রোনালদিনিওই আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায়। রাভেন্নায় যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে।’
তবে রাভেন্নার হয়ে তাঁর মাঠে নামা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদিনিওর উত্তর, ‘আমি খেলব কি না, জানি না। সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি এখানে এসেছি সতীর্থদের জিততে সাহায্য করতে।’
তবে তাঁর ব্যক্তিগত লক্ষ্যও রয়েছে। ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলকে পৌঁছাতে চান রোনালদিনিও। তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভালো হবে।’
ব্রাজিলের হয়ে ৩৩ গোল করেছেন রোনালদিনিও। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ৯৪ এবং এসি মিলানের হয়ে ২৪ গোল করেছেন তিনি। এ ছাড়া পিএসজি, গ্রেমিও ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবেও খেলেছেন সাবেক এই ব্যালন ডি’অরজয়ী তারকা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুযায়ী, রোনালদিনিওর ক্যারিয়ারে ৭৮৭ ম্যাচে গোল ২৯৯টি। অর্থাৎ ৩০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র একটি গোল।
রোনালদিনিওর রাভেন্নায় ফেরার পরিকল্পনার কথা প্রথম জানা যায় গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলাকালে মায়ামিতে। তখন ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি তাঁকে দলে নেওয়ার পরিকল্পনার কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিক হিসেবে থাকা সিপ্রিয়ানি আরও জানিয়েছিলেন, রোনালদিনিও ভবিষ্যতে ক্লাবটির শেয়ারও কিনতে পারেন।
সিপ্রিয়ানির কাছে এই প্রত্যাবর্তন মূলত একটি ‘রোমান্টিক’ পরিকল্পনা—ক্যারিয়ারের শেষ গোলটি যেন রাভেন্নার জার্সিতেই করতে পারেন রোনালদিনিও। তবে ক্লাব মালিকের দাবি, বিষয়টি শুধুই প্রচারণার কৌশল নয়। তাঁর ভাষায়, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্টান্ট নয়।’
গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছিল রাভেন্না। এবার ক্লাবটির লক্ষ্য ২০০৮ সালের পর আবারও ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে ফিরে যাওয়া।
নতুন মৌসুমে রাভেন্নার প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিপক্ষে। তবে ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, সেই ম্যাচে রোনালদিনিওকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।














