নতুন মৌসুমে বদলাচ্ছে প্রিমিয়ার লিগের পেনাল্টি নিয়ম? রেফারিদের কড়া বার্তা

নতুন মৌসুমে বদলাচ্ছে প্রিমিয়ার লিগের পেনাল্টি নিয়ম? রেফারিদের কড়া বার্তা
নতুন মৌসুমে বদলাচ্ছে প্রিমিয়ার লিগের পেনাল্টি নিয়ম? রেফারিদের কড়া বার্তা
নতুন মৌসুম মানেই নতুন খেলোয়াড়, নতুন কোচ আর নতুন প্রত্যাশা। তবে ২০২৬–২৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি পরিবর্তন চোখে পড়তে পারে—বক্সের ভেতর পেনাল্টির সংখ্যা বাড়তে পারে। আজ চ্যাম্পিয়ন আর্সেনাল ও কভেন্ট্রি সিটির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম। আর মৌসুম শুরুর আগেই রেফারিদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।
নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিয়ম প্রয়োগের ক্ষেত্রে এবার আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন ইংল্যান্ডের রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব। বিশেষ করে কর্নার ও ফ্রি-কিকের সময় পেনাল্টি বক্সে হওয়া অপ্রয়োজনীয় টানাটানি, ধাক্কাধাক্কি ও জার্সি ধরে রাখার ঘটনায় বেশি সক্রিয় থাকবেন রেফারিরা।
গত মৌসুমে সেট পিসের সময় এমন ঘটনা ছিল বেশ নিয়মিত। জার্সি ধরে রাখা, দুই হাত দিয়ে প্রতিপক্ষকে আটকে দেওয়া, ধাক্কা দেওয়া কিংবা মাটিতে ফেলে দেওয়ার মতো ঘটনা প্রায়ই দেখা গেছে। বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মৌসুমে ভিএআরের ২০টি ‘মিসড ইন্টারভেনশন’-এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ছিল এমন ঘটনা, যেখানে বলের বাইরে থাকা কোনো খেলোয়াড়কে ফেলে দেওয়া হলেও পেনাল্টি দেওয়া হয়নি।
এবার রেফারিদের বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে কয়েকটি বিষয়ে। কোনো খেলোয়াড় বলের দিকে মনোযোগ না দিয়ে শুধু প্রতিপক্ষকে আটকে রাখছেন কি না, বল খেলার বা চ্যালেঞ্জ করার চেষ্টা না করে দুই হাত দিয়ে প্রতিপক্ষকে ধরে রাখছেন কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ ছাড়া জার্সি ধরে দীর্ঘ সময় টেনে রাখা কিংবা এমনভাবে প্রতিপক্ষকে আটকে দেওয়া হচ্ছে কি না, যাতে তাঁর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়, সেটিও নজরে থাকবে রেফারিদের।
হাওয়ার্ড ওয়েবের বার্তায় বোঝা যাচ্ছে, এবার ‘কম সতর্কতা, বেশি শাস্তি’ নীতিতে এগোতে চান রেফারিরা। তবে এর অর্থ এই নয় যে বক্সে সামান্য শারীরিক সংস্পর্শ হলেই পেনাল্টি দেওয়া হবে। ফুটবলে স্বাভাবিক শারীরিক লড়াইয়ের সুযোগ থাকবেই এবং রেফারিরা এখনো একটি ‘উচ্চ সীমা’ বজায় রাখবেন। কিন্তু ফুটবলের স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সম্পর্কহীন টানাটানি ও আটকে রাখার ঘটনা এবার আগের চেয়ে কঠোরভাবে দেখা হবে।
এর ফলে নতুন মৌসুমে পেনাল্টির সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে পেনাল্টি ও সরাসরি ফ্রি-কিক থেকে হওয়া গোল বাদ দিলেও সেট পিস থেকে ২৬৯টি গোল হয়েছিল। মোট গোলের ২৫.৭ শতাংশই এসেছিল সেট পিস থেকে, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ।
সেট পিসের সময়ই যেহেতু পেনাল্টি বক্সে টানাটানি ও ধাক্কাধাক্কির ঘটনা বেশি ঘটে, তাই রেফারিদের নতুন নির্দেশনার প্রভাব পেনাল্টির সংখ্যাতেও পড়তে পারে। অর্থাৎ, ২০২৬–২৭ প্রিমিয়ার লিগে গোলের পাশাপাশি পেনাল্টির সংখ্যাতেও দেখা যেতে পারে নতুন রেকর্ডের সম্ভাবনা।













