Image

ম্যাকাই টেস্টেও ‘ভালো ক্রিকেট’ খেলতে চান নাজমুল, ফল নিয়ে ভাবনা নয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাকাই টেস্টেও ‘ভালো ক্রিকেট’ খেলতে চান নাজমুল, ফল নিয়ে ভাবনা নয়

ম্যাকাই টেস্টেও ‘ভালো ক্রিকেট’ খেলতে চান নাজমুল, ফল নিয়ে ভাবনা নয়

ম্যাকাই টেস্টেও ‘ভালো ক্রিকেট’ খেলতে চান নাজমুল, ফল নিয়ে ভাবনা নয়

ডারউইনে ৯ উইকেটের অবিস্মরণীয় জয়ের পর প্রত্যাশার পারদ এখন অনেকটাই ওপরে। ম্যাকাইয়ের পেস-সহায়ক কন্ডিশন, অন্যদিকে সিরিজ বাঁচানোর তাড়নায় থাকা অস্ট্রেলিয়া—সব মিলিয়ে দ্বিতীয় টেস্টেও বড় কিছুর স্বপ্ন দেখছেন বাংলাদেশের সমর্থকেরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন আপাতত ফলাফলের চেয়ে ভালো ক্রিকেট খেলার দিকেই বেশি মনোযোগী।

বাংলাদেশে থাকতেই নাজমুল বারবার বলেছেন, তাঁর দল ‘ভালো ক্রিকেট খেলতে’ চায়। অস্ট্রেলিয়ায় এসেও একই কথা বলেছেন। ম্যাকাই টেস্টের আগের দিন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনেও সেই অবস্থানেই অটল থাকলেন অধিনায়ক।

নাজমুল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’

ডারউইনের ঐতিহাসিক জয় যে দলকে আত্মবিশ্বাস দিয়েছে, সেটিও স্বীকার করেছেন নাজমুল। তবে তাঁর মতে, পেশাদার ক্রিকেটারদের দ্রুতই আগের ম্যাচের আবেশ থেকে বেরিয়ে আসতে হয়।

‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি।

অর্থাৎ ডারউইনের জয় এখন বাংলাদেশের কাছে অতীত। ম্যাকাইয়ে নতুন টেস্টকে নতুন করেই শুরু করতে চান নাজমুলরা। দুই দিন পূর্ণাঙ্গ অনুশীলন করে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট অধিনায়ক।

নাজমুল বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠান্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’

নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল অনুশীলনের অন্যতম প্রধান লক্ষ্য। নাজমুলের বিশ্বাস, প্রস্তুতির পর সবাই মানসিকভাবেও দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত।

এদিকে দলের ছোটখাটো চোটের সমস্যাগুলোও আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আঙুলে চোট পাওয়ার পরও মুশফিকুর রহিম গতকাল আবার ব্যাটিং করেছেন। আজও নেটে ব্যাটিং করেছেন তিনি, যদিও কিছুটা কম সময়।

ঘাড়ের আড়ষ্টতার কারণে গতকাল ব্যাটিং অনুশীলন করেননি ডারউইনে সেঞ্চুরি করা ওপেনার তানজিদ হাসান। তবে আজ স্ক্যান করানোর পর মাঠে ফিরে নেটে ব্যাটিং করেছেন তিনি। তাঁর স্ক্যান রিপোর্ট অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

তানজিদকে নিয়ে অনিশ্চয়তা থাকায় বিকল্প হিসেবে নিজেকে প্রস্তুত রেখেছেন সৌম্য সরকারও। প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা এই ব্যাটসম্যান আজ দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন।

তানজিদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের সকালেই নেওয়া হবে বলে জানিয়েছেন নাজমুল। তিনি বলেন, ‘আজকের দিনটা ইতিবাচক। তবে কাল সকাল পর্যন্ত আমরা আরেকটু দেখতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

সব মিলিয়ে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তিই বেশি। নাজমুলের ভাষায়, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তানজিদও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয়, কাল সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

ম্যাকাইয়ে তাই বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার—ডারউইনের জয় নিয়ে না ভেবে নতুন করে শুরু করা, পাঁচ দিন ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা এবং সুযোগ এলে ফলাফলকে নিজেদের দিকে নিয়ে আসা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three