Image

নেইমারের হাত ধরে সান্তোসে ফিরছেন কুতিনিও, ক্যারিয়ার পুনর্জাগরণের অপেক্ষা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেইমারের হাত ধরে সান্তোসে ফিরছেন কুতিনিও, ক্যারিয়ার পুনর্জাগরণের অপেক্ষা

নেইমারের হাত ধরে সান্তোসে ফিরছেন কুতিনিও, ক্যারিয়ার পুনর্জাগরণের অপেক্ষা

নেইমারের হাত ধরে সান্তোসে ফিরছেন কুতিনিও, ক্যারিয়ার পুনর্জাগরণের অপেক্ষা

ফিলিপে কুতিনিওকে মনে আছে? লিভারপুলের জার্সিতে মাঝমাঠ থেকে উঠে এসে বাঁকানো শট, দুর্দান্ত ড্রিবলিং আর দূরপাল্লার গোলে একসময় ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ২০১৮ সালে তাঁকে দলে ভেড়াতে প্রায় ১৬ কোটি ইউরো খরচ করেছিল বার্সেলোনা। তখন ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন কুতিনিও। অথচ কয়েক বছর পর সেই তিনিই হয়ে পড়েছিলেন ক্লাবহীন।

তবে ৩৪ বছর বয়সী কুতিনিওর ক্যারিয়ারে আবারও নতুন দরজা খুলতে যাচ্ছে। কৈশোরের বন্ধু নেইমারের উদ্যোগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কুতিনিওর সঙ্গে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে সান্তোস। চুক্তির মেয়াদ থাকবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

নেইমার ও কুতিনিওর বন্ধুত্ব সেই কৈশোর থেকে। ব্রাজিলের বয়সভিত্তিক দলেও একসঙ্গে খেলেছেন তাঁরা। এবার বন্ধুর কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন নেইমার। ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, সান্তোসে কুতিনিওকে দেখতে চান বলে প্রকাশ্যেই জানিয়েছেন নেইমার। তাঁর আগমনকে ‘স্বপ্ন’ বলেও উল্লেখ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

কুতিনিওকে সান্তোসের প্রয়োজনটাও বেশ জোরালো। চলতি মৌসুমে দলটির অন্যতম প্রধান ভরসা ছিলেন নেইমার। কিন্তু ডান ঊরুর চোটে আবারও মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। ফলে আক্রমণভাগে অভিজ্ঞ একজন খেলোয়াড়ের প্রয়োজন দেখা দিয়েছে। সেই জায়গায় কুতিনিওকে বেছে নিয়েছে সান্তোস।

একসময় লিভারপুলের অন্যতম প্রধান তারকা ছিলেন কুতিনিও। ২০১৫ ও ২০১৬ সালে খেলোয়াড় ও সমর্থকদের ভোটে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৮ সালে বার্সেলোনায় যাওয়ার পর তাঁর ক্যারিয়ারে আসে বড় ধাক্কা।

নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর তাঁর বিকল্প হিসেবে কুতিনিওকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। কিন্তু ক্যাম্প ন্যুতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ধীরে ধীরে একাদশে জায়গা হারান এবং পরে ধারে যোগ দেন বায়ার্ন মিউনিখে। এরপর স্থায়ীভাবে অ্যাস্টন ভিলায় গেলেও সেখানেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। পরে ধারে কাতারে খেলেন তিনি।

২০২৪ সালে ব্রাজিলে ফিরে পুরোনো ক্লাব ভাস্কো দা গামায় যোগ দেন কুতিনিও। ইউরোপে যাওয়ার আগে প্রায় নয় বছর এই ক্লাবেই কাটিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় অধ্যায়টাও সুখকর হয়নি। ভাস্কোর হয়ে ৮১ ম্যাচে তাঁর গোল মাত্র ১৭টি। শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ জুন পর্যন্ত থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতেই ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।

এরপর থেকেই ক্লাবহীন ছিলেন কুতিনিও। ইউরোপের সদ্য শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলেও তাঁর নাম নিয়ে তেমন আলোচনা ছিল না।

এবার সান্তোসের হাত ধরে নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। নেইমারের পাশে থেকে কি আবারও পুরোনো কুতিনিওকে দেখা যাবে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেই উত্তরেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three