Image

আল আহলিকে হারিয়ে গাম্প্যার ট্রফি বার্সার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 2 ঘন্টা আগে
আল আহলিকে হারিয়ে গাম্প্যার ট্রফি বার্সার

আল আহলিকে হারিয়ে গাম্প্যার ট্রফি বার্সার

আল আহলিকে হারিয়ে গাম্প্যার ট্রফি বার্সার

জয় দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি শেষ করেছে বার্সেলোনা। বুধবার রাতে কাম্প নউয়ে আল আহলিকে ২-১ গোলে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল বার্সেলোনার। ২৯তম মিনিটে সেই চাপের ফলও পায় তারা। বাঁ দিক থেকে পাওয়া পাস ছয় গজ বক্সে নিয়ন্ত্রণ করে ঠাণ্ডা মাথার শটে বার্সাকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী হামজা আব্দেলকারিম।

আল আহলির বিপক্ষে গোল করেও অবশ্য কোনো উচ্ছ্বাস দেখাননি এই তরুণ ফরোয়ার্ড। সাবেক ক্লাবের জালে বল পাঠানোর পর হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আল আহলি। পাল্টা আক্রমণ থেকে ডি-বক্সে ঢুকে শক্তিশালী শটে বার্সার জালে বল পাঠান মিশরের উইঙ্গার জিজো। এতে ব্যবধান নেমে আসে ২-১-এ।

এরপর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক একে একে পুরো একাদশ বদলে ফেলেন। ফলে দ্বিতীয়ার্ধে আগের মতো ধার দেখা যায়নি কাতালানদের খেলায়। তবে শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা।

ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু নিউক্যাসল ইউনাইটেড থেকে এবারের গ্রীষ্মে বার্সায় যোগ দেওয়া ইংলিশ উইঙ্গারের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন আল আহলির গোলরক্ষক।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে গাম্প্যার ট্রফি জয়ের পাশাপাশি প্রাক্-মৌসুম প্রস্তুতিও শেষ করল কাতালান ক্লাবটি।

বার্সেলোনার হয়ে আব্দেলকারিমের গল্পটাও বেশ আকর্ষণীয়। গত জানুয়ারিতে স্বদেশের ক্লাব আল আহলি থেকেই ধারে বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১১ ম্যাচে ছয় গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে চুক্তির শর্ত অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা।

এবার নতুন মৌসুমের লড়াই। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।


Details Bottom
Details ad One
Details Two
Details Three