ডিউক থেকে ডন: ‘দ্য জেন্টলমেন’ ২-এ ইতালীয় মাফিয়া ও রক্তক্ষয়ী রাজত্ব
- 1
অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজে ভারত ‘এ’ দলের কোচ লক্ষ্মীপতি বালাজি
- 2
৮ গোলের রোমাঞ্চে সিটির জয়, ব্রোবির হ্যাটট্রিকের পরও জিতল ম্যানচেস্টার সিটি
- 3
১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড, সাঁতারে নতুন বিস্ময় ইউ জিদি
- 4
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর দাপুটে জয়
- 5
মেসি-সুয়ারেজের গোলেও জয়হীন মায়ামি, স্যান ডিয়েগোর সঙ্গে ২-২ ড্র

ডিউক থেকে ডন: ‘দ্য জেন্টলমেন’ ২-এ ইতালীয় মাফিয়া ও রক্তক্ষয়ী রাজত্ব
ডিউক থেকে ডন: ‘দ্য জেন্টলমেন’ ২-এ ইতালীয় মাফিয়া ও রক্তক্ষয়ী রাজত্ব
ব্রিটিশ রাজকীয় প্রাসাদ, অভিজাত পোশাক আর বিস্তৃত বাগানবাড়ির চোখধাঁধানো আড়ালে জমে উঠেছে আন্তর্জাতিক মাদকের কারবার। অনিচ্ছুক এক ডিউক এবার রূপ নিয়েছেন দুর্ধর্ষ এক ডনে; সঙ্গী অপরাধজগতের প্রভাবশালী নারী, ইতালীয় মাফিয়া, ক্ষমতার রাজনীতি আর রক্তক্ষয়ী সংঘাত। চলচ্চিত্র নির্মাতা গাই রিচির বহুল আলোচিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুমে উঠে এসেছে অভিজাত ঐতিহ্য ও উদীয়মান অপরাধসাম্রাজ্যের এই অভিনব মেলবন্ধন।
৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে শুভমুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলছে সিরিজটি। বাংলাদেশের সেরা তালিকার ২ নম্বরে জায়গা করে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর দাপট অব্যাহত। নেটফ্লিক্সের বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে কেবল দ্বিতীয় মৌসুমটিই দেখেছেন প্রায় ৯৯ লাখ (১ কোটি) দর্শক। দ্বিতীয় মৌসুমের আকর্ষণে দর্শক ফিরে গেছেন পুরোনো গল্পে; ফলে একই সপ্তাহে ৫৫ লাখ ভিউ নিয়ে প্রথম মৌসুমটি আন্তর্জাতিক তালিকার ৩ নম্বরে পুনরায় জায়গা করে নিয়েছে।

যুক্ত হয়েছে ইতালির নতুন ভূগোল ব্রিটিশ গ্রামীণ এস্টেটের গণ্ডি পেরিয়ে এবার গল্পের ব্যাপ্তি ছড়িয়েছে ইতালির চোখজুড়ানো উপকূলীয় অঞ্চলে। যুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধচক্র ও নতুন শক্তিশালী প্রতিপক্ষ।
বড় সাম্রাজ্য, বদলে যাওয়া এডি প্রথম মৌসুমের ঘটনার প্রায় এক বছর পর গল্প শুরু হয়। বাবা ববি গ্লাসের (রে উইনস্টোন) বিশাল গাঁজার ব্যবসার মূল হাল এখন এডি হর্নিম্যান (থিও জেমস) ও সুজি গ্লাসের (কায়া স্কোডেলারিও) হাতে। এডি আর কেবল মানিয়ে নেওয়ার লড়াইয়ে নেই; তিনি বংশগত মর্যাদা ও অপরাধজগতের ক্ষমতাকে একসূত্রে গেঁথে সাম্রাজ্য সম্প্রসারণে মরিয়া। তবে এই উচ্চাকাঙ্ক্ষা সুজি ও ববির সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ককে এক জটিল চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
চরিত্র ও পেছনের কারিগর ২০১৯ সালের একই নামের জনপ্রিয় চলচ্চিত্রের অনুপ্রেরণায় তৈরি এই সিরিজে গাই রিচির নিজস্ব শৈলী স্পষ্ট। আট পর্বের এই মৌসুমে থিও জেমস, কায়া স্কোডেলারিও ও রে উইনস্টোনের পাশাপাশি অভিনয় করেছেন ড্যানিয়েল ইংস, জোয়েলি রিচার্ডসন, ভিনি জোন্স এবং নতুন যুক্ত হওয়া তারকা জিয়ানকার্লো এসপোসিতো। এরান ক্রিভি ও নিক রোল্যান্ডের পরিচালনায় এর নির্বাহী প্রযোজক ও প্রধান লেখক হিসেবে রয়েছেন স্বয়ং গাই রিচি।
অভিজাত বৈপরীত্যের গাই রিচি স্টাইল রাজকীয় পরিবেশের মধ্যে ডার্ক হিউমার, ক্ষুরধার সংলাপ এবং আকস্মিক রক্তাক্ত সহিংসতার বৈপরীত্যই সিরিজটির মূল প্রাণ। ইতালির বিলাসবহুল পরিবেশের সঙ্গে অন্ধকার জগতের মোড়ক একে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সমালোচক ও দর্শকদের প্রতিক্রিয়া 'রটেন টমেটোজ'-এ ৮৫% সমালোচক স্কোর ও ৮৭% দর্শক স্কোর পাওয়া মৌসুমটি দর্শকদের মন জয় করলেও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। 'রজারএবার্ট ডটকম' এডির অপরাধী রূপে রূপান্তরকে ইতিবাচক হিসেবে দেখলেও, 'দ্য গার্ডিয়ান'-এর মতে গল্প মাঝেমধ্যে কিছুটা দীর্ঘায়িত ও পুনরাবৃত্তিমূলক।

উদ্বোধনী সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে নাটকীয়ভাবে ভিউ বৃদ্ধি প্রমাণ করে দর্শকরা গাই রিচির এই অপরাধজগতে পুরোপুরি বুঁদ হয়ে আছেন। ইতোমধ্যে নেটফ্লিক্স সিরিজটির তৃতীয় মৌসুমের সবুজসংকেত দিয়ে দিয়েছে। গাই রিচির ভাষায়, গল্প ও জগতের বিস্তৃতি বাড়ার সাথে সাথে তৃতীয় মৌসুমে পদার্পণ করা ছিল একটি স্বাভাবিক ও অনিবার্য পদক্ষেপ।














