ওয়ান্ডারমাইন্ড মামলায় সেলেনার পাল্টা দাবি, প্রতারণার অভিযোগ ভিত্তিহীন
- 1
৩৯ বছরেও অপ্রতিরোধ্য মেসি, চার গোলে মায়ামির বিশাল জয় ফ্রি-কিক ম্যাজিকসহ মেসির চার গোল, ৭-১ ব্যবধানে বিধ্বস্ত মন্ট্রিল
- 2
রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
- 3
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ
- 4
দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’
- 5
ফিফা দুর্নীতি কেলেঙ্কারিতে বাবা-ছেলের স্বীকারোক্তি, বাজেয়াপ্ত হবে ৫ কোটি ডলার

ওয়ান্ডারমাইন্ড মামলায় সেলেনার পাল্টা দাবি, প্রতারণার অভিযোগ ভিত্তিহীন
ওয়ান্ডারমাইন্ড মামলায় সেলেনার পাল্টা দাবি, প্রতারণার অভিযোগ ভিত্তিহীন
মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’কে ঘিরে আইনি জটিলতায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারীর আনা প্রতারণার অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করে মামলা থেকে তাকে বাদ দেওয়ার আবেদন করেছেন তার আইনজীবীরা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে নিজের মা ম্যান্ডি টিফির সঙ্গে ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির সঙ্গে সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনও যুক্ত ছিলেন।
পরবর্তীতে কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা, সম্পদ এবং অবকাঠামো নিয়ে তাদের কাছে দীর্ঘ সময় ধরে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর অনেকগুলো বাস্তবায়িত হয়নি। এসব আশ্বাসের ভিত্তিতে তারা প্রতিষ্ঠানটিতে প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগকারীদের মামলায় সাধারণ আইনের অধীনে প্রতারণা, চুক্তি লঙ্ঘন এবং সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মামলায় সেলেনা গোমেজ, তার মা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকে আসামি করা হয়েছে।
মামলায় দাবি করা হয়েছে, ‘ওয়ান্ডারমাইন্ড’কে মানসিক সুস্থতা নিয়ে কাজ করা একটি উচ্চাভিলাষী প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা হয়েছিল। পরিকল্পনার মধ্যে ছিল একটি মোবাইল অ্যাপ, বিজ্ঞাপনভিত্তিক বিভিন্ন চুক্তি এবং তারকাদের অংশগ্রহণে কনটেন্ট তৈরি।
এ ছাড়া বিনিয়োগকারীদের জানানো হয়েছিল যে, সেলেনা গোমেজ প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন। তবে বিনিয়োগকারীদের অভিযোগ, এসব পরিকল্পনার অনেকগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবং প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সম্পর্কেও তাদের কাছে সঠিক তথ্য দেওয়া হয়নি।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও আর্থিক সংকটের বিষয়ে বিনিয়োগকারীরা পরে ফোর্বস ও দ্য কাটে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন।
তবে সেলেনা গোমেজের পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তার আইনজীবী ম্যাথিউ এস. রোজেনগার্ট এক বিবৃতিতে বলেন, সেলেনা কোনো ধরনের প্রতারণা বা অসদাচরণ করেছেন—এমন ধারণা সম্পূর্ণ অযৌক্তিক।
সেলেনার আইনজীবীদের দাবি, বিনিয়োগকারীদের মামলায় এমন কোনো নির্দিষ্ট মিথ্যা বক্তব্যের উল্লেখ নেই, যা সেলেনা ব্যক্তিগতভাবে বিনিয়োগকারীদের কাছে দিয়েছিলেন।
আইনি আবেদনে আরও বলা হয়েছে, সেলেনা কখনো ‘ওয়ান্ডারমাইন্ড’-এর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন না এবং প্রতিষ্ঠানটির দৈনন্দিন পরিচালনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও তিনি সম্মতি দেননি। এমনকি প্রতিষ্ঠানটিতে তার সংখ্যালঘু মালিকানাও ছিল না বলে তার আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বরং সেলেনাকে মূলত একজন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি প্রতিষ্ঠানে ‘চিফ সোশ্যাল ইমপ্যাক্ট অফিসার’ হিসেবে যুক্ত ছিলেন বলে আইনি নথিতে উল্লেখ করা হয়েছে।
সেলেনার আইনজীবীদের আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্পষ্ট, সাধারণ এবং পরস্পরবিরোধী। তাদের দাবি, এসব অভিযোগে এমন কোনো তথ্য নেই, যা প্রমাণ করে সেলেনা ব্যক্তিগতভাবে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন।
অন্যদিকে আইনি নথি অনুযায়ী, ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসন প্রতিষ্ঠানটির যৌথ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ‘ওয়ান্ডারমাইন্ড’-এর কার্যক্রম পরিচালনা করতেন।
এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, সেলেনা গোমেজ এই মামলা থেকে অব্যাহতি পাবেন কি না। তবে তার আইনজীবীরা স্পষ্টভাবে দাবি করেছেন, প্রতারণার অভিযোগের সঙ্গে সেলেনাকে যুক্ত করার মতো যথেষ্ট আইনি ভিত্তি নেই।














