জাভির হাতে নেদারল্যান্ডস, ৪৮ বছর পর বিদেশি কোচ

জাভির হাতে নেদারল্যান্ডস, ৪৮ বছর পর বিদেশি কোচ
জাভির হাতে নেদারল্যান্ডস, ৪৮ বছর পর বিদেশি কোচ
নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। রোনাল্ড কোমানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়া বার্সেলোনার এই কিংবদন্তি কোচের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন।
এই নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘ ৪৮ বছর পর প্রথমবার কোনো বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল নেদারল্যান্ডস। এর আগে সর্বশেষ ১৯৭৮ সালে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেল ডাচদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর অধীনেই ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস, যদিও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী জাভি ২০২৪ সালে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর আর কোনো দলের দায়িত্ব নেননি। এবার জাতীয় দলের কোচ হিসেবে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ—২০২৮ ইউরো ও ২০৩০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সাফল্য এনে দেওয়া।
নতুন দায়িত্ব নিয়ে ডাচ ফুটবলের সঙ্গে নিজের বিশেষ সম্পর্কের কথা জানিয়েছেন ৪৬ বছর বয়সী জাভি। বার্সেলোনা একাডেমিতে বেড়ে ওঠার সময় ইয়োহান ক্রুইফ ও রাইনাস মিশেলসের মতো ডাচ ফুটবলের কিংবদন্তিদের দর্শনে প্রভাবিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বার্সেলোনা একাডেমিতে বেড়ে ওঠাদের একজন হিসেবে, ইয়োহান ক্রুইফ ও রাইনাস মিশেলসসহ আরও অনেকের দ্বারা প্রভাবিত হওয়ায় ডাচ ফুটবলের সঙ্গে আমার বিশেষ এক সম্পর্ক রয়েছে। বলতে পারেন, আমি কিছুটা ডাচ ফুটবলেরই সন্তান।’
সর্বশেষ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে শেষ ৩২ দলের রাউন্ডে টাইব্রেকারে হারের পর নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়েন কোমান। তাঁর উত্তরসূরি হিসেবে সাবেক লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে ক্লাব ফুটবলে থাকার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত স্লটকে পাওয়া যায়নি।
নেদারল্যান্ডসের ডাগআউটে জাভির অভিষেক হবে জার্মানির বিপক্ষে। আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় নেশনস লিগের ম্যাচে প্রথমবার ডাচদের কোচ হিসেবে মাঠে নামবেন তিনি।
কোচিং ক্যারিয়ারের শুরু কাতারের ক্লাব আল-সাদে। এরপর বার্সেলোনার দায়িত্ব নিয়ে ২০২৩ সালে দলটিকে লা লিগা শিরোপা এনে দেন জাভি। তবে পরের মৌসুম শেষে তাঁকে বরখাস্ত করা হয়। তাঁর জায়গায় বার্সেলোনার দায়িত্ব নেন হান্সি ফ্লিক। এখন জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার।














