Image

ডারউইনে বাংলাদেশের রেকর্ডের দিন: হাসানের ৬ উইকেট, বাঁহাতিদের রাজা স্টার্ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 35 মিনিট আগে
ডারউইনে বাংলাদেশের রেকর্ডের দিন: হাসানের ৬ উইকেট, বাঁহাতিদের রাজা স্টার্ক

ডারউইনে বাংলাদেশের রেকর্ডের দিন: হাসানের ৬ উইকেট, বাঁহাতিদের রাজা স্টার্ক

ডারউইনে বাংলাদেশের রেকর্ডের দিন: হাসানের ৬ উইকেট, বাঁহাতিদের রাজা স্টার্ক

ডারউইনে বাংলাদেশের জন্য দিনটি কেটেছে স্বপ্নের মতো। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পথে দুর্দান্ত বোলিং করেছেন পেসার হাসান মাহমুদ। নিয়েছেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। আর দিনের শেষ ভাগে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক—বাঁহাতি বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি।

হাসান মাহমুদের ৬/৫৫-তে একাধিক রেকর্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে এটাই সেরা বোলিং। হাসানের ৬/৫৫ ছাড়িয়ে গেছে মোহাম্মদ রফিকের ২০০৬ সালে ফতুল্লায় করা ৫/৬২-এর রেকর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের কোনো বোলারের এটাই সেরা বোলিং। আগের সেরা ছিল তাসকিন আহমেদের ৪/২৫—২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।

টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে এটি তৃতীয় সেরা বোলিং। হাসানের ওপরে আছেন শাহাদাত হোসেন (৬/২৭) ও ইবাদত হোসেন (৬/৪৬)।

এটি টেস্টে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরাও। এর আগে তাঁর সেরা ছিল ৫/৪৩, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

টেস্টে তৃতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন হাসান। মজার বিষয়, তিনবারই এই কীর্তি এসেছে দেশের বাইরে। বাংলাদেশের পেসারদের মধ্যে দেশের বাইরে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রে হাসানের ওপরে আছেন রবিউল ইসলাম, যিনি এমন কীর্তি করেছেন দুবার।

বাংলাদেশের পেসারদের আরও একটি মাইলফলক

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা মোট ১০টি উইকেটই শিকার করেছেন। টেস্টে এটি দ্বিতীয়বার, যখন বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন।

প্রথমবার এমনটা হয়েছিল ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। সেবারও পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ।

মুশফিকের ক্যাচেও ইতিহাস

কিপিং গ্লাভস হাতে ও গ্লাভস ছাড়া—দুই ভূমিকায় মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ইতিহাসের ১৭তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।

তাঁর ক্যাচের হিসাব দাঁড়িয়েছে গ্লাভস হাতে ৩৭১টি এবং গ্লাভস ছাড়া আরও ২৯টি।

বাঁহাতি দিবসে স্টার্কের ইতিহাস

১৩ আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস। দিনটির সঙ্গে মিচেল স্টার্কের রেকর্ডের মিলটা তাই বেশ প্রতীকী।

২০২৬ সালের এই বাঁহাতি দিবসেই টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।

বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামের উইকেটটি ছিল টেস্টে স্টার্কের ৪৩৪তম। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে।

ডারউইনের এই দিনটি তাই শুধু বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের জন্য নয়, একসঙ্গে একাধিক রেকর্ডের সাক্ষী হয়েও ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three