Image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 48 মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

ইংল্যান্ডের অন্যতম গতিময় পেসার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারিতে ৩৭ বছরে পা দিতে যাওয়া এই ইংলিশ পেসারের অবসর অনেকটাই প্রত্যাশিত ছিল। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।

গত বছরের নভেম্বরে সর্বশেষ অ্যাশেজে পার্থ টেস্টে চোট পাওয়ার পর আর ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি উড। হাঁটুর সেই চোটই শেষ পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিল।

১৪৬ ম্যাচে ২৫৩ উইকেট

ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন উড। ক্যারিয়ারজুড়েই চোট তাঁর বড় বাধা হয়ে ছিল। অবশেষে সেই লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান তিনি।

ডারহামের রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার আগে নিজের অবসরের কথা জানান উড। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও পুরোপুরি ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না তিনি। ডারহামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান এই পেসার। পাশাপাশি ইতিমধ্যে লেভেল-৩ কোচিং কোর্সও সম্পন্ন করেছেন।

চোটের সঙ্গে ক্রমাগত লড়াই করছিলেন উড। শেষ পর্যন্ত আর পারলেন না

‘মানসিকভাবে ভেঙে পড়েছিলাম’

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন উড। তিনি বলেন, পার্থে সর্বশেষ ম্যাচের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকাটা তাঁকে মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

উডের ভাষায়, ‘প্রায় দেড় বছর এ লড়াইটা আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। ভাবতে শুরু করেছিলাম, আমি আর কখনোই আগের সেই উচ্চতায় ফিরতে পারব না।’

ইংল্যান্ডের সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদও আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। নতুন করে চুক্তি না বাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

২০১৫ সালে শুরু, তিনটি বিশ্ব শিরোপা

২০১৫ সালে ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় উডের। তাঁর গতি, আগ্রাসী বোলিং এবং মাঠে প্রাণবন্ত উপস্থিতি খুব দ্রুতই তাঁকে ইংল্যান্ডের সমর্থকদের প্রিয় করে তোলে।

সেই বছরই ট্রেন্ট ব্রিজে নাথান লায়নকে আউট করে ইংল্যান্ডের অ্যাশেজ জয় নিশ্চিত করার মুহূর্তের অংশ ছিলেন তিনি। পরবর্তী সময়ে ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে উড ৩৮ টেস্টে ১১৯, ৭০ ওয়ানডেতে ৮০ এবং ৩৮ টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট নিয়েছেন। গতির ঝড় তোলা এই পেসার ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তাঁর বোলিংয়ের গতি ও আগ্রাসনের জন্যই বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three