পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
ব্যস্ত সূচি সামনে রেখে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে পাকিস্তান। আগামী অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের পাশাপাশি ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের মৌসুম। রাওয়ালপিন্ডিতে ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পাঁচ দিন পর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা—প্রতিটি দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ২০ ও ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরপর সিরিজের বাকি ম্যাচগুলো হবে লাহোরে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৩১ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।
এটি টানা দ্বিতীয় বছর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একই ধরনের সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।
ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ৯ থেকে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট লাহোরে ১৭ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের আগে ইসলামাবাদে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ। গত বছরের অক্টোবরে একই চক্রে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। এই চক্রে পাকিস্তানের শেষ সিরিজ হবে আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। বর্তমানে ৯ দলের পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান অষ্টম।
অন্যদিকে ইংল্যান্ডের জন্যও পাকিস্তান সফর হতে যাচ্ছে ব্যস্ত শীতকালীন সূচির শুরু। পাকিস্তান সফর শেষ করেই অস্ট্রেলিয়ায় যাবে ইংলিশরা। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার পর আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
বাংলাদেশ সফরের পর মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ ১৫০তম বার্ষিকী টেস্ট খেলতে আবারও অস্ট্রেলিয়ায় ফিরবে ইংল্যান্ড।














