৪১ বছরেও ক্রোয়েশিয়ার জার্সিতে মদ্রিচ, থামছে না কিংবদন্তির পথচলা
- 1
ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’
- 2
বিশ্বকাপের হারের প্রতিশোধের সুযোগ জাপানের, নভেম্বরে ব্রাজিলের মুখোমুখি
- 3
৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক, কিংবদন্তিদেরও ছাড়িয়ে ইতিহাসে ক্রোকোম্বে
- 4
গেইল-রাসেলদের পেছনে ফেলে সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
- 5
এক ক্রিকেটারের জন্মসাল তিনটি! বয়স জালিয়াতিতে দুই বছরের নিষেধাজ্ঞা

৪১ বছরেও ক্রোয়েশিয়ার জার্সিতে মদ্রিচ, থামছে না কিংবদন্তির পথচলা
৪১ বছরেও ক্রোয়েশিয়ার জার্সিতে মদ্রিচ, থামছে না কিংবদন্তির পথচলা
লুকা মদ্রিচের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না। ৪১ বছরে পা দিয়েও ক্রোয়েশিয়ার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির কিংবদন্তি অধিনায়ক। আসন্ন উয়েফা নেশন্স লিগেও জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডারকে।
গত জুলাইয়ে বিশ্বকাপের শেষ বত্রিশে পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া বিদায় নেওয়ার পর মদ্রিচের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। বয়স ৪১-এর কাছাকাছি চলে আসায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে শনিবার ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন (HNS) জানিয়েছে, মদ্রিচ জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান। আগামী বুধবার ৪১ বছরে পা দিতে যাওয়া এই তারকা আসন্ন নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য কোচ স্লাভেন বিলিচের পরিকল্পনায় থাকছেন।
মদ্রিচের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই দারুণ খুশি বিলিচ। ১৪ বছর পর আবারও ক্রোয়েশিয়ার ডাগআউটে ফেরা এই কোচ মদ্রিচকে নিয়ে বলেছেন, ‘লুকার সিদ্ধান্তে আমি খুবই খুশি। মাঠের ভেতরে ও বাইরে ক্রোয়েশিয়ার জন্য সে কী নিয়ে আসে এবং তার গুরুত্ব কতটা, আমরা সবাই জানি।’
২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্রোয়েশিয়ার কোচ ছিলেন বিলিচ। সেই সময়ই মদ্রিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু। ২০০৬ সালের মার্চে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। এবার ১৪ বছর পর আবারও গুরু-শিষ্যের পুনর্মিলন হতে যাচ্ছে জাতীয় দলের ড্রেসিংরুমে।
ক্রোয়েশিয়ার হয়ে এখন পর্যন্ত ২০২টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। তাঁর নেতৃত্বেই দলটি ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন তিনি। চার বছর পর কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
ক্লাব ফুটবলেও দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় কাটানোর পর ২০২৫ সালে তিনি যোগ দেন এসি মিলানে। বয়স ৪০ পেরোলেও ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার।
নতুন নেশন্স লিগে ক্রোয়েশিয়ার ব্যস্ত সূচি রয়েছে। ২৬ সেপ্টেম্বর চেকিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৯ সেপ্টেম্বর স্পেনের বিপক্ষে, ৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে এবং ৬ অক্টোবর আবার স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা।
সোমবার এই ম্যাচগুলোর জন্য দল ঘোষণা করবেন বিলিচ। সেখানে মদ্রিচের নাম থাকা এখন প্রায় নিশ্চিত। অর্থাৎ, বয়সের হিসাবকে পেছনে ফেলে ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আরও একবার জাতীয় দলের জার্সিতে নিজের জাদু দেখানোর অপেক্ষায়।














