মেসির ১০০তম গোলে মায়ামির শিরোপা, ক্যারিয়ারে ৪৯তম ট্রফি
- 1
মেসির হেডে গোল, কাসেমিরোর জাদুতে ক্রুজ আজুলকে হারিয়ে চ্যাম্পিয়ন মায়ামি
- 2
রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা
- 3
রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে বার্সেলোনার ছয় ম্যাচে ছয় জয়
- 4
রোনালদো-প্যালাসিওসের ঝামেলার নতুন পর্ব, এবার ৪-০ গোলে বিধ্বস্ত আল নাসর
- 5
১৫ বছরের পথচলার ইতি, কলম্বিয়া দলে আর দেখা যাবে না হামেস রদ্রিগেজকে

মেসির ১০০তম গোলে মায়ামির শিরোপা, ক্যারিয়ারে ৪৯তম ট্রফি
মেসির ১০০তম গোলে মায়ামির শিরোপা, ক্যারিয়ারে ৪৯তম ট্রফি
লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির হয়ে নিজের ১০০তম গোল পূর্ণ করার ম্যাচেই দলকে কাম্পেওনেস কাপের শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছে মায়ামি।
মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন এবং মেক্সিকোর লিগা এমএক্সের শিরোপাজয়ী দলের মধ্যকার লড়াই হিসেবে ২০১৮ সাল থেকে আয়োজিত হয়ে আসছে কাম্পেওনেস কাপ। এবার সেই মঞ্চেই নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গন্সালেসের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে মায়ামি। আর কোচ হিসেবে অভিষেকেই দলকে ট্রফি এনে দিলেন গন্সালেস।
ম্যাচের ২৪তম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। লুইস সুয়ারেসের নিখুঁত ক্রস থেকে মার্কারকে পেছনে ফেলে অসাধারণ লাফে হেড করে বল জালে পাঠান তিনি। মেসির জন্য গোলটি ছিল বিশেষ—ইন্টার মায়ামির জার্সিতে তাঁর গোলসংখ্যা পৌঁছে যায় ১০০-তে।
মেসির গোলটি আরও আলোচনার জন্ম দেয় গোলের ধরন নিয়ে। সাধারণত পা দিয়ে গোল করতেই বেশি অভ্যস্ত এই তারকাকে মাথা দিয়ে এমন দুর্দান্ত গোল করতে খুব বেশি দেখা যায় না। তবে মেসির দীর্ঘ ক্যারিয়ারে অসম্ভব বলে কিছু নেই—এই গোল যেন সেটিই আবার মনে করিয়ে দিল।
দ্বিতীয়ার্ধে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন কাজেমিরো। ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। মজার বিষয়, গত চার ম্যাচে মেসির কর্নার থেকে কাজেমিরোর হেডে গোল এটি তৃতীয়বার।
ম্যাচ শেষে নতুন কোচ গন্সালেস জানান, দায়িত্ব নেওয়ার আগেই মেসি তাকে ট্রফি দিয়ে স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
“লিও আমাকে বলেছিলেন, চ্যাম্পিয়ন হয়েই আমার শুরু হবে। সে কথাটা সে সত্যি করে দেখিয়েছে।”
এই শিরোপা দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেও মনে করেন গন্সালেস। তবে তাঁর মতে, এই সাফল্য কেবল সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ; আরও বড় লক্ষ্য নিয়ে মায়ামিকে এগিয়ে যেতে হবে।
২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির ইতিহাসে মেসি নিজেকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ১০০। এর মধ্যে মেজর লিগ সকারে ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ও কাম্পেওনেস কাপে একটি করে গোল রয়েছে।
ক্রুজ আজুলকে হারিয়ে কাম্পেওনেস কাপ জয়ের মধ্য দিয়ে মেসির ব্যক্তিগত ট্রফির সংখ্যাও বেড়ে দাঁড়াল ৪৯-এ। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই শিরোপা—এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে মায়ামির জন্য?











