শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট, ভারতের বিপক্ষে সিরিজে অনিশ্চিত রাচিন
- 1
রোনালদোকে রেখেই নেশনস লিগের দল ঘোষণা পর্তুগালের
- 2
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছা, শাহরুখ-সালমান থেকে মহেশ-মোহনলাল
- 3
হালান্ডের বিতর্কিত গোলের আলোচনা নিয়ে বিরক্ত মারেস্কা, ‘সিটির পারফরম্যান্সও দেখা উচিত’
- 4
স্পেন ম্যাচের আগে বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে গেলেন জন স্টোনস
- 5
জিদানের প্রথম ফ্রান্স দলে পাঁচ নতুন মুখ, লিভারপুলের জেকে আলোচনায়

শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট, ভারতের বিপক্ষে সিরিজে অনিশ্চিত রাচিন
শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট, ভারতের বিপক্ষে সিরিজে অনিশ্চিত রাচিন
ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়া ক্রিকেটে নতুন কোনো ঘটনা নয়। তবে মাঠের ম্যাচে নয়, প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার ঘটনা নিঃসন্দেহে একটু ব্যতিক্রমী। এমনই এক অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পান রাচিন। ক্যাচটি ধরার পর নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। এতে তাঁর ডান কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা পড়েনি। তবে চোট থেকে সেরে উঠতে কত সময় লাগবে, সেটি এখনই নিশ্চিত করে বলতে পারছে না নিউজিল্যান্ড ক্রিকেট। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে রাচিনের অগ্রগতি পর্যবেক্ষণের পরই তাঁর মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
ভারতের বিপক্ষে সিরিজে কি থাকবেন রাচিন?
রাচিনের চোটে সবচেয়ে বড় প্রশ্ন এখন ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। এখন আমাদের মূল লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’
নিরাপত্তা নিয়ে যা বলছে নিউজিল্যান্ড
প্রচারণামূলক শুটিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও কথা বলেছেন স্যান্ডল। তাঁর ভাষ্য, খেলোয়াড়দের অংশ নেওয়া সব বাণিজ্যিক শুটিং সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকেই পরিকল্পনা করা হয়। রাচিনের ক্ষেত্রেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল বলে জানিয়েছেন তিনি।
স্যান্ডল বলেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করব।’
দ্রুত ফেরানোর ঝুঁকি নিতে চান না কোচ
চোট থেকে রাচিনকে দ্রুত ফেরানোর কোনো ঝুঁকি নিতে চান না নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। কারণ, আগামী ছয় মাসে নিউজিল্যান্ডের সামনে রয়েছে ব্যস্ত টেস্ট সূচি। তাই পুরোপুরি সুস্থ হওয়ার আগেই রাচিনকে মাঠে ফেরানোর পক্ষে নন তিনি।
ওয়াল্টার বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারব।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১ নভেম্বর। এরপর দুই দল খেলবে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট। নভেম্বরেই ওয়ানডে ও টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। ফলে রাচিনের জন্য শুধু ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই নয়, সামনে থাকা দীর্ঘ আন্তর্জাতিক সূচিতেও তাঁর ফিটনেস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।















