দুয়োর জবাব মাঠেই দিলেন নেইমার, ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন সমর্থকদের ওপর

দুয়োর জবাব মাঠেই দিলেন নেইমার, ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন সমর্থকদের ওপর
দুয়োর জবাব মাঠেই দিলেন নেইমার, ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন সমর্থকদের ওপর
মাঠের এক পাশে বল হারিয়েছিলেন নেইমার। ফুটবলে এমন ভুল নতুন কিছু নয়। কিন্তু ভিলা বেলমিরোর গ্যালারি সেটি ভালোভাবে নেয়নি। উঠতে থাকে দুয়ো। আর সেই মুহূর্তে নেইমারও চুপ থাকেননি—হাতের ইশারায় সমর্থকদের কাছে জানতে চান, তাহলে সমর্থনটা কোথায়?
ম্যাচের তখনও অনেকটা সময় বাকি। ব্রাজিলিয়ান লিগে মাকারার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল সান্তোস। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সান্তোসকে ঘুরে দাঁড় করান নেইমার। তাঁর করা দুটি অ্যাসিস্টে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় দলটি।
ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলের সঙ্গে কথা বলার সময় নেইমার জানান, পিছিয়ে পড়ার পরও তিনি সমর্থকদের ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছিলেন। তাঁর মতে, সান্তোস সমর্থকেরা দীর্ঘদিন ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা তিনি বোঝেন। তবে নেতিবাচক মনোভাব নিয়ে মাঠে আসার কোনো অর্থ নেই।
নেইমার বলেন, ‘আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। এটা তাদের ভালো লাগেনি। আমি জানি, তারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। কিন্তু তারা যদি শুধু নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে আসে, তার চেয়ে ঘরে বসে থাকাই ভালো।’
গ্যালারি থেকে আসা দুয়ো নিয়েও হতাশা প্রকাশ করেন সান্তোস তারকা। তাঁর কথায়, ‘আমি তাদের বলেছি, আমাদের সমর্থন করো, উৎসাহ দাও। সান্তোসের সমর্থক হওয়া কি এতটাই সহজ? জেতার সময়ই শুধু তোমরা আমাকে পছন্দ করো।’
ম্যাচে জোড়া অ্যাসিস্ট দিয়ে দলকে জয় এনে দেওয়ার পরও নেইমারের কথায় ফুটে উঠেছে ক্ষোভ ও অভিমান। ব্রাজিল জাতীয় দল থেকেও সম্প্রতি বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে সান্তোসের একটি ম্যাচ না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা।
সব মিলিয়ে সান্তোসে নেইমারের দ্বিতীয় অধ্যায় যে খুব একটা স্বস্তির যাচ্ছে না, সাম্প্রতিক ঘটনাগুলোতে তারই ইঙ্গিত মিলছে। মাঠে পারফরম্যান্স দিয়ে দলকে জেতালেও গ্যালারির সঙ্গে তাঁর দূরত্ব যেন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।













