Image

শীত পর্যন্ত গড়াতে পারে যুদ্ধ, ট্রাম্পের দূতদের জানালেন জেলেনস্কি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শীত পর্যন্ত গড়াতে পারে যুদ্ধ, ট্রাম্পের দূতদের জানালেন জেলেনস্কি

শীত পর্যন্ত গড়াতে পারে যুদ্ধ, ট্রাম্পের দূতদের জানালেন জেলেনস্কি

শীত পর্যন্ত গড়াতে পারে যুদ্ধ, ট্রাম্পের দূতদের জানালেন জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতে আরও সহায়তা প্রয়োজন হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার কয়েক ঘণ্টা ধরে জেলেনস্কি ও ট্রাম্পের দূতদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করা হয়।

জেলেনস্কি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা এবং জ্বালানি অবকাঠামো সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে যুদ্ধের অবসানে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি চান জেলেনস্কি। তাঁর মতে, এমন কোনো শান্তিচুক্তি হওয়া উচিত নয়, যার সুযোগ নিয়ে রাশিয়া ভবিষ্যতে আবারও ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে।

এদিকে ট্রাম্পের দূতরা শান্তি আলোচনায় অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তাঁদের একজন বলেন, একটি ভালো সমাধানে পৌঁছানো সম্ভব বলে তাঁরা আত্মবিশ্বাসী। এর আগে শনিবার মস্কোয় রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও ‘অনেক অগ্রগতি’ হয়েছে বলে জানান তিনি।

মস্কোর আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আগে যেসব প্রস্তাব নিয়ে কাজ করেও কাঙ্ক্ষিত ফল পায়নি, সেগুলো নিয়ে নতুন করে আলোচনা করেছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কী কী প্রয়োজন, সেটিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

কুশনার বলেন, বৈঠক খুব ভালো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক প্রশ্ন করেছেন এবং মার্কিন প্রতিনিধিরাও তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ধারাবাহিক আলোচনার বিষয়ে ট্রাম্পের আরেক দূত স্টিভ উইটকফ বলেন, তাঁরা প্রথমে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, কারণ রুশ প্রেসিডেন্টের অবস্থান ও চিন্তাভাবনা বোঝা প্রয়োজন ছিল।

বৈঠক শেষে জেলেনস্কি জানান, শিগগিরই ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিয়ে আরেকটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। শান্তি আলোচনা এগিয়ে নিতে এই বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three