Image

ইংল্যান্ডে ভরাডুবির পর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন, বাদ পড়ার নেপথ্যে পারফরম্যান্সের সঙ্গে আচরণও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 8 মিনিট আগে
ইংল্যান্ডে ভরাডুবির পর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন, বাদ পড়ার নেপথ্যে পারফরম্যান্সের সঙ্গে আচরণও

ইংল্যান্ডে ভরাডুবির পর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন, বাদ পড়ার নেপথ্যে পারফরম্যান্সের সঙ্গে আচরণও

ইংল্যান্ডে ভরাডুবির পর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন, বাদ পড়ার নেপথ্যে পারফরম্যান্সের সঙ্গে আচরণও

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেটে চলছে ব্যাপক পরিবর্তন। সাত ক্রিকেটার ও দুই কোচকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু মাঠের পারফরম্যান্স নয়, খেলোয়াড়দের আচরণও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

লর্ডস টেস্টের পর স্কোয়াড থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে ছিলেন অভিজ্ঞ সালমান আলী আগা, ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান। চলতি সিরিজে তিনজনের কেউই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। চার ইনিংসে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে মাত্র ৬১ রান। লর্ডস টেস্টে তাঁর শট নির্বাচন নিয়েও সমালোচনা হয়েছে।

চোটের কারণে লর্ডসে ব্যাটিংয়ে নামতে পারেননি ইমাম। তবে তাঁর চোট নিয়েও পিসিবির মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে সালমান সর্বশেষ পাঁচ টেস্ট ইনিংসেই ব্যর্থ হয়েছেন। অথচ হেডিংলি টেস্টে বাবর আজমের অনুপস্থিতিতে তিনিই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। লর্ডস টেস্টে একাদশে জায়গা না পাওয়ার পর শেষ পর্যন্ত তাঁকেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রিজওয়ান ও ইমামের ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে তাঁদের আচরণও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি তাঁদের ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হয়ে আচরণ নিয়ে ব্যাখ্যাও দিতে হতে পারে। একই কমিটির সামনে সালমানকেও ডাকা হতে পারে বলে জানা গেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে তাঁদের আচরণ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বাকি ক্রিকেটারদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিন্ন কারণে। অন্তর্বর্তীকালীন টেস্ট কোচ মাইক হেসনের সুপারিশে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআই। সাদা বলের দলে আগে হেসনের সঙ্গে কাজ করা কয়েকজন ক্রিকেটারকে এবার টেস্ট দলে সুযোগ দিতে চেয়েছেন তিনি।

তৃতীয় টেস্টের জন্য পাকিস্তান দলে যোগ দিয়েছেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজউল্লাহ, সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল।

এদিকে দলের এই ব্যাপক রদবদলের প্রভাব পড়তে পারে নির্বাচক কমিটিতেও। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। সেই সংস্কারের অংশ হিসেবে নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদকে সরিয়ে দেওয়া হতে পারে।

এরই মধ্যে নির্বাচক কমিটিতে আরেকটি পরিবর্তন এসেছে। চলতি সপ্তাহের শুরুতে মিসবাহ-উল-হক পদত্যাগপত্র দিয়েছেন। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগ গ্রহণ করেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

মিসবাহর পদত্যাগের আগেই নির্বাচক কমিটিকে শোকজ নোটিশ দিয়েছিল পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের টেস্ট দলে ইমাম ও রিজওয়ানকে কেন রাখা হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল বোর্ড। একই সঙ্গে দল নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়েছিল, তাও জানতে চাওয়া হয়েছে।

নির্বাচক কমিটির পাশাপাশি নির্বাচন ও পরামর্শক কমিটির সদস্যদেরও নোটিশ দিয়েছে পিসিবি। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরও পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে থাকতে পারেন মাইক হেসন। তাঁকে স্থায়ী প্রধান কোচ করার বিষয়ে আগ্রহী পিসিবি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে নিউজিল্যান্ডের এই কোচ পাকিস্তানের দায়িত্ব স্থায়ীভাবে নিতে রাজি হন কি না, তার ওপর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three