Image

৬০০ টেস্টের মাইলফলকে ভারত, গল টেস্টে নজরে ইতিহাসের নানা সংখ্যা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 18 মিনিট আগে
৬০০ টেস্টের মাইলফলকে ভারত, গল টেস্টে নজরে ইতিহাসের নানা সংখ্যা

৬০০ টেস্টের মাইলফলকে ভারত, গল টেস্টে নজরে ইতিহাসের নানা সংখ্যা

৬০০ টেস্টের মাইলফলকে ভারত, গল টেস্টে নজরে ইতিহাসের নানা সংখ্যা

আজ গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি ভারতীয় ক্রিকেটের জন্য বিশেষ এক মাইলফলকের। গলে মাঠে নামার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ৬০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবে ভারত। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এমন কীর্তি গড়তে পেরেছে মাত্র তিনটি দল। ভারতের ৬০০তম টেস্টকে সামনে রেখে ইতিহাসের পাতায় থাকা গুরুত্বপূর্ণ কিছু সংখ্যায় চোখ রাখা যাক।

টেস্ট ক্রিকেটে ৬০০ ম্যাচ খেলা তৃতীয় দল ভারত। তাদের আগে এই মাইলফলক ছুঁয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এখন পর্যন্ত খেলেছে সর্বোচ্চ ১ হাজার ৯৭টি টেস্ট। অস্ট্রেলিয়ার ম্যাচসংখ্যা ৮৮২।

 

২৬৩০

গলে আজ শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা–ভারত টেস্টটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২ হাজার ৬৩০তম ম্যাচ। প্রায় দেড় শতকের এই দীর্ঘ পথচলায় অসংখ্য রেকর্ড ও ইতিহাসের সাক্ষী হয়েছে টেস্ট ক্রিকেট।

৪২৬

মোট ম্যাচের হিসাবে ইংল্যান্ড এগিয়ে থাকলেও জয়সংখ্যায় সবার ওপরে অস্ট্রেলিয়া। ৮৮২ টেস্ট খেলে তারা জিতেছে ৪২৬টি। জয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড, তাদের জয় ৪০৫টি।

৩৫৬

টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। তাদের ড্রয়ের সংখ্যা ৩৫৬। এই তালিকায় দ্বিতীয় স্থানে ভারত, যাদের ড্র ২২৪টি। অস্ট্রেলিয়ার ড্র হয়েছে ২১৯ ম্যাচে।

৩৫

১৯৩২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ভারতের। প্রথম টেস্ট খেলার ৩৫ বছর পর, ১৯৬৭ সালে তারা পৌঁছায় ১০০ ম্যাচের মাইলফলকে। এরপর ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করেছে ভারত।

২১

প্রথম ৫০০ টেস্টে ভারতের বিদেশের মাটিতে জয় ছিল ৪২টি। তবে ৫০১তম থেকে ৫৯৯তম টেস্টের মধ্যেই বিদেশে জিতেছে আরও ২১ ম্যাচ। অর্থাৎ শেষ ৯৯ টেস্টেই আগের ৫০০ টেস্টের প্রায় অর্ধেক বিদেশ জয় তুলে নিয়েছে ভারত।

৬০০

সব সংখ্যাকে ছাপিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা ৬০০। গলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই ভারতের টেস্ট ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৬০০-তে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর বিশ্বের তৃতীয় দল হিসেবে এই অভিজাত ক্লাবে প্রবেশ করবে তারা। ভারতীয় ক্রিকেটের দীর্ঘ টেস্ট যাত্রায় এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক অধ্যায়।

Details Bottom