চোট পেয়ে হাসপাতালে চান্ডিমাল, কনকাশন বদলির শঙ্কা

চোট পেয়ে হাসপাতালে চান্ডিমাল, কনকাশন বদলির শঙ্কা
চোট পেয়ে হাসপাতালে চান্ডিমাল, কনকাশন বদলির শঙ্কা
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দিনেশ চান্ডিমালের। গল টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে আউট হওয়ার পর এবার ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের একটি শট থামাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান চান্ডিমাল। দ্রুতগতিতে এগিয়ে গিয়ে ডাইভ দিয়ে বলটি থামালেও মাটিতে পড়ার সময় তাঁর শরীরের ওপরের অংশে চাপ পড়ে। এরপর এক ধরনের ডিগবাজির মতো উল্টে যান তিনি।
চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই সীমানার কাছে মাটিতে লুটিয়ে পড়েন চান্ডিমাল। যন্ত্রণায় কাতরাতে থাকা এই ব্যাটসম্যানের কাছে দ্রুত ছুটে যান সতীর্থ, ফিজিও ও দলের চিকিৎসক। মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে শারীরিক অবস্থা বিবেচনায় আর ফিল্ডিং চালিয়ে যেতে পারেননি চান্ডিমাল। সতীর্থদের সহায়তায় ধীরে ধীরে ড্রেসিংরুমের দিকে চলে যান তিনি। তাঁর পরিবর্তে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা।
পরবর্তীতে চোটের অবস্থা আরও গুরুতর মনে হওয়ায় চান্ডিমালকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে তাঁর ঘাড় ও কাঁধের স্ক্যান করা হবে। পরীক্ষায় বড় ধরনের চোট ধরা পড়লে ম্যাচের বাকি সময়ে তাঁর পরিবর্তে কনকাশন বদলি নামানোর সুযোগ পাবে শ্রীলঙ্কা। স্কোয়াডে অতিরিক্ত টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সুরিয়াবান্দারা।
এর আগে গল টেস্টে প্রথম ইনিংসে ভারত ৪৬২ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৮৪ রানে। চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৬ রান। ফলে স্বাগতিকদের বিপক্ষে ভারতের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ রানে।













