টেস্ট ছাড়ার ইঙ্গিত স্টিভ স্মিথের, অ্যাশেজ নিয়েও অনিশ্চিত অস্ট্রেলিয়ান তারকা
- 1
রবি কিষাণের নকল করে ভাইরাল ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর প্রতিযোগী, ‘শো চুরি করে নিয়েছেন’ বলছেন দর্শক
- 2
ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে হারাল সিটি, ১০ জনের দল হয়েও হলান্ডের গোলে জয়
- 3
টেস্ট ছাড়ার ইঙ্গিত স্টিভ স্মিথের, অ্যাশেজ নিয়েও অনিশ্চিত অস্ট্রেলিয়ান তারকা
- 4
কেইনের গোলে এভাসবার্ককে হারিয়ে বুন্ডেসলিগায় জয়ে ফিরল বায়ার্ন
- 5
আবারও চোটের ধাক্কা আলভারেসের, রিয়াল সোসিয়েদাদার বিপক্ষে নেই আতলেতিকো তারকা

টেস্ট ছাড়ার ইঙ্গিত স্টিভ স্মিথের, অ্যাশেজ নিয়েও অনিশ্চিত অস্ট্রেলিয়ান তারকা
টেস্ট ছাড়ার ইঙ্গিত স্টিভ স্মিথের, অ্যাশেজ নিয়েও অনিশ্চিত অস্ট্রেলিয়ান তারকা
ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ভাবনা শুরু করেছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছেন, আগামী অ্যাশেজে তাঁকে দেখা যাবে কি না, সেটি নিয়েই এখনো নিশ্চিত নন তিনি। আপাতত সিরিজ ধরে ধরে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আগামী অ্যাশেজে তিনি খেলবেন কি না, তা নিয়ে নিজেই দ্বিধায় আছেন। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের স্বাদ নেওয়ার ইচ্ছা থাকলেও, সেই সময় পর্যন্ত তিনি ক্রিকেট চালিয়ে যাবেন কি না—সেটিই এখন বড় প্রশ্ন।
স্মিথ বলেন, ভবিষ্যৎ নিয়ে তিনি এখন আর অনেক দূরের পরিকল্পনা করছেন না। বরং একেকটি সিরিজকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়াটাই তাঁর কাছে বেশি বাস্তবসম্মত হয়ে উঠেছে।
অ্যাশেজ জয়ের স্বপ্ন, তবে ভবিষ্যৎ অনিশ্চিত
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে খেলার সম্ভাবনা নিয়ে স্মিথের কথায় অনিশ্চয়তা স্পষ্ট। ইংল্যান্ডে গিয়ে অ্যাশেজ জেতা তাঁর জন্য বিশেষ অর্জন হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে সেই স্বপ্ন বাস্তবে পূরণ করার সুযোগ তিনি পাবেন কি না, তা সময়ই বলে দেবে।
বয়স বাড়লেও ব্যাট হাতে স্মিথের পারফরম্যান্সে এখনো বড় ধরনের পতন দেখা যায়নি। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অবসরের চিন্তা তাঁর মাথায় আসাটাও স্বাভাবিক। তাই টেস্ট ক্রিকেটে আর কতদিন চালিয়ে যাবেন, সেই প্রশ্নের উত্তর এখনো নিজের কাছেও পরিষ্কার নয় স্মিথের।
২০২৮ অলিম্পিকে খেলার স্বপ্ন
টেস্ট ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকলেও ক্রিকেট ছাড়ার কথা এখনই ভাবছেন না স্মিথ। বরং তাঁর চোখ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দিকে।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেই ঐতিহাসিক আসরে খেলার সুযোগ পাওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় লক্ষ্য হিসেবে দেখছেন স্মিথ। আর সেই লক্ষ্য পূরণ করতে হলে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে হবে তাঁকে।
স্মিথ জানিয়েছেন, এই মুহূর্তে অলিম্পিকই সম্ভবত একমাত্র নির্দিষ্ট লক্ষ্য, যার অংশ হতে তিনি চেষ্টা করতে চান।
ইউরোপিয়ান বিভিন্ন লিগে টি-টোয়েন্টি খেলার পেছনেও তাঁর অন্যতম উদ্দেশ্য যতটা সম্ভব এই সংস্করণের ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত রাখা।
অবসরের পর কী করবেন, জানেন না স্মিথও
ক্রিকেট ছাড়ার পর কী করবেন, সেটিও এখনো ঠিক করেননি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। বরং তাঁর বিশ্বাস, খেলোয়াড় হিসেবে এখনো কিছুটা সময় বাকি আছে।
স্মিথের ক্যারিয়ার অবশ্যই অসাধারণ। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ তিনি। দীর্ঘ এই যাত্রায় পেয়েছেন অসংখ্য সাফল্য ও ব্যক্তিগত অর্জন।
তবু ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু হয়েছে তাঁর। টেস্ট ক্রিকেটে বিদায়ের সিদ্ধান্ত এখনই না নিলেও, আগামী অ্যাশেজ তাঁর দীর্ঘ সাদা পোশাকের ক্যারিয়ারের শেষ বড় অধ্যায় হয়ে উঠবে কি না—সেই প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে।
স্মিথের টেস্ট ক্যারিয়ার
এখন পর্যন্ত ১২৫টি টেস্ট খেলেছেন স্টিভেন স্মিথ। ৩৭টি সেঞ্চুরি ও ৪৫টি ফিফটিতে তাঁর সংগ্রহ ১০,৯২০ রান। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৫৬.০০।
অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিনের এই সাফল্যময় ক্যারিয়ারের পর এখন সামনে নতুন লক্ষ্য—টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়া এবং সম্ভব হলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে খেলা।
তাই টেস্ট ক্রিকেটে স্মিথের শেষ অধ্যায় কবে আসবে, সেটি এখনো অজানা। তবে তাঁর নিজের কথাতেই স্পষ্ট, বিদায়ের সেই দিনটি নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন তিনি।














