Image

হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই, ‘সে একজন নেতা’: বাংলাদেশ কোচ ডুলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই, ‘সে একজন নেতা’: বাংলাদেশ কোচ ডুলি

হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই, ‘সে একজন নেতা’: বাংলাদেশ কোচ ডুলি

হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই, ‘সে একজন নেতা’: বাংলাদেশ কোচ ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরেই হামজা চৌধুরী নিজের সেরাটা দেবেন বলে বিশ্বাস করেন প্রধান কোচ টমাস ডুলি। তাঁর মতে, হামজার মতো অভিজ্ঞ ও পেশাদার খেলোয়াড়কে নতুন করে কিছু শেখানোর প্রয়োজন নেই। বরং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পাশাপাশি তাঁকে একজন নেতা হিসেবেও দেখছেন কোচ।

আসিয়ান কাপ সামনে রেখে গত ২৮ আগস্ট থেকে কিংস অ্যারেনায় চলছে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পের দশম দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজাকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান ডুলি।

বাংলাদেশ কোচ বলেন, ‘হামজার মতো পেশাদার খেলোয়াড়েরা জানে এই পর্যায়ের ফুটবলে তাদের ভূমিকা কী। তাদের নতুন করে কিছু শেখাতে হয় না। সে আসার সঙ্গে সঙ্গেই নিজের সেরাটা দেবে, কারণ সে একজন নেতা।’

আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে। টুর্নামেন্টে হামজা, শমিত ও সতীর্থদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপের তিন প্রতিপক্ষই ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এবং মালয়েশিয়া ৪৫ ধাপ এগিয়ে। স্বাগতিক ইন্দোনেশিয়াও শক্তিশালী দল।

তবে র‍্যাংকিংয়ের ব্যবধানকে বড় করে দেখতে চান না ডুলি। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে বাস্তববাদী থাকার পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবেই টুর্নামেন্টটিকে দেখছেন তিনি।

ডুলির ভাষায়, ‘আমাদের বাস্তববাদী হতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। আমরা যে দলগুলোর বিপক্ষে খেলব, তারা র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। নিশ্চিতভাবেই এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। আমাদের ইতিবাচক থেকে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা নিতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমরা এই আঞ্চলিক ফুটবলের যোগ্য।’

কিংস অ্যারেনায় চলছে প্রস্তুতির শেষ ধাপ। প্রায় দুই মাসের বিরতির পর খেলোয়াড়দের ম্যাচ ফিট করে তোলা, চোটের ঝুঁকি কমানো এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের কৌশল কার্যকর করার দিকেই এখন নজর ডুলির।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের খেলোয়াড়দের ধীরে ধীরে অনুশীলনের চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছেন কোচ। তাঁর মতে, এতে শারীরিক প্রস্তুতি যেমন ভালো হবে, তেমনি চোটের ঝুঁকিও কমবে।

ডুলি বলেন, ‘জাতীয় দলের মতো পর্যায়ে খেলোয়াড়দের শারীরিকভাবে প্রস্তুত করতে সময় দিতে হয়। এতে খেলোয়াড়েরা ধীরে ধীরে অনুশীলনের চাপ নিতে পারে এবং চোটের ঝুঁকিও কমে।’

তবে ক্যাম্পে চোটের সমস্যাও রয়েছে। অনুশীলনে থাকা ৩০ ফুটবলারের মধ্যে সোহেল রানা ও তপু বর্মণ সামান্য চোটে ভুগছেন। অধিনায়ক জামাল ভূঁইয়াও কুঁচকির চোটে ভুগছেন।

জামালকে নিয়ে সতর্ক ডুলি। তিনি জানান, জামালের কুঁচকিতে ছোট একটি টিয়ার রয়েছে এবং সেটি বেড়ে গেলে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

‘জামালের কুঁচকি ছোট একটা টিয়ার আছে। তাকে নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ এটি বাড়লে সে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাবে। আমরা অবশ্যই তাকে দলে চাই।’

র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাস হারাতে চান না ডুলি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা প্রমাণ করেই আসিয়ান কাপে লড়াই করতে চায় বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three