Image

টেস্টের তিন নম্বরে মুমিনুলের ‘তিন’ নম্বর অবস্থান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
টেস্টের তিন নম্বরে মুমিনুলের ‘তিন’ নম্বর অবস্থান

টেস্টের তিন নম্বরে মুমিনুলের ‘তিন’ নম্বর অবস্থান

টেস্টের তিন নম্বরে মুমিনুলের ‘তিন’ নম্বর অবস্থান

ক্রিকেটে কিছু সংখ্যা কখনোই শুধুই সংখ্যা নয়। তিন নম্বর ব্যাটিং পজিশন তেমনই এক বিশেষ জায়গা। ওপেনারদের পর ব্যাট করতে নামা এই ব্যাটসম্যানকে কখনো নতুন বলের কঠিন পরীক্ষা দিতে হয়, আবার দ্রুত উইকেট পড়লে সামলাতে হয় পুরো ইনিংসের চাপ। ধৈর্য, কৌশল ও আক্রমণ—সবকিছুর সমন্বয় দরকার হয় এই পজিশনে।

ক্রিকেট ইতিহাসের ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড় কিংবা কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা তিন নম্বর পজিশনের গুরুত্ব নিজেদের পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দিয়েছেন।

বর্তমান টেস্ট ক্রিকেটেও এই জায়গার গুরুত্ব কমেনি। বরং গত তিন বছরের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের মুমিনুল হক তিন নম্বর পজিশনকে যেন নিজের পরিচয়ের অংশই বানিয়ে ফেলেছেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে রানের হিসেবে মুমিনুল আছেন তৃতীয় স্থানে। তাঁর ওপরে রয়েছেন কেবল ইংল্যান্ডের ওলি পোপ ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

এই সময়ে ১৫ টেস্টের ২৬ ইনিংসে তিন নম্বরে ব্যাট করে মুমিনুল করেছেন ৯৭৯ রান। তাঁর ব্যাটিং গড় ৪০.৭৯। একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে আটটি ফিফটি। অর্থাৎ ২৬ ইনিংসের মধ্যে নয়বার পঞ্চাশের বেশি রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান।

তালিকার শীর্ষে থাকা ওলি পোপ ৩৮ ইনিংসে করেছেন ১৩৬৯ রান, যেখানে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। অন্যদিকে কেইন উইলিয়ামসনের সংগ্রহ ৩০ ইনিংসে ১৩৬০ রান—পাঁচটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।

মজার বিষয় হলো, পঞ্চাশ বা তার বেশি রানে পৌঁছানোর সংখ্যায় পোপ ও উইলিয়ামসনের চেয়েও এগিয়ে মুমিনুল। তবে তাঁর বেশির ভাগ ফিফটি সেঞ্চুরিতে রূপ না নেওয়ায় বড় রানের দৌড়ে পিছিয়ে আছেন তিনি।

তিন নম্বর পজিশনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা উঠেছে মূলত অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেনকে ঘিরে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করা লাবুশেন সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছেন।

গত তিন বছরে ৪৩ ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৪.৬৯। অন্তত ২০ ইনিংস খেলেছেন—এমন ৫৬ জন ব্যাটসম্যানের মধ্যে তাঁর চেয়ে খারাপ গড় রয়েছে মাত্র তিনজনের।

আরও উদ্বেগের বিষয়, গত তিন বছরে তিন নম্বরে ব্যাট করা শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র লাবুশেনেরই কোনো সেঞ্চুরি নেই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজেও তাঁর রান ছিল ১, ৩১ ও ৪।

লাবুশেনের এমন দীর্ঘ ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং পর্যন্ত মত দিয়েছিলেন, তিন নম্বর পজিশনের জন্য নতুন কাউকে বিবেচনা করা উচিত।

তবে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা আপাতত সেই পথে হাঁটেননি। দক্ষিণ আফ্রিকা সফরের তিন টেস্টের দলেও রাখা হয়েছে লাবুশেনকে। ২০১৮ সালের কেপটাউন বল বিকৃতি কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।

তাই হয়তো এত গুরুত্বপূর্ণ একটি ব্যাটিং পজিশনের দায়িত্ব নতুন কারও কাঁধে তুলে দেওয়ার ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা।

কারণ, তিন নম্বর পজিশন বলে কথা! আর সেই জায়গায় গত তিন বছরের পারফরম্যান্সের হিসাব বলছে—বাংলাদেশের মুমিনুল হক এখন বিশ্বের সেরাদের সঙ্গেই আছেন। ঠিক তিন নম্বরে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three