Image

ইয়ামালের খোঁচার জবাবে শান্ত কেইন, প্রশংসায় ভাসালেন তরুণ তারকাকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইয়ামালের খোঁচার জবাবে শান্ত কেইন, প্রশংসায় ভাসালেন তরুণ তারকাকে

ইয়ামালের খোঁচার জবাবে শান্ত কেইন, প্রশংসায় ভাসালেন তরুণ তারকাকে

ইয়ামালের খোঁচার জবাবে শান্ত কেইন, প্রশংসায় ভাসালেন তরুণ তারকাকে

ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের সাম্প্রতিক মন্তব্য কি হ্যারি কেইনকে উদ্দেশ্য করে ছিল? নিশ্চিতভাবে বলা কঠিন। তবে অনেকেই মনে করছেন, স্প্যানিশ তরুণ তারকার মন্তব্যে ইংল্যান্ড অধিনায়ককে খোঁচা দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাননি কেইন।

বুন্দেসলিগায় নিজের শততম গোলের মাইলফলক ছোঁয়ার পর ইয়ামালের মন্তব্য নিয়ে প্রশ্নের মুখোমুখি হন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। সেখানে পাল্টা জবাব না দিয়ে বরং বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডের প্রশংসাই করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, ব্যালন ডি’অর এমন একজনের পাওয়া উচিত, যিনি বিশ্বের সেরা ফুটবলার—শুধু ৮০টি গোল করেছেন এমন কাউকে নয়। তাঁর এই মন্তব্যটি কেইনকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন তিনি। গত শুক্রবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ের ম্যাচে বুন্দেসলিগায় নিজের শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচ শেষে ইয়ামালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কেইন বলেন, ‘সে কী বোঝাতে চেয়েছে, তা আমি জানি না। ইয়ামাল একজন অসাধারণ খেলোয়াড়। সে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে, যেমন আরও অনেকে কাটিয়েছে।’

ব্যালন ডি’অরের দৌড়ে একাধিক খেলোয়াড় রয়েছেন বলেও মনে করেন কেইন। কিলিয়ান এমবাপ্পে, রদ্রি এবং বায়ার্নে তাঁর সতীর্থ মাইকেল ওলিসের নাম উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার রয়েছে এবং সেটি নিয়ন্ত্রণ করা তাঁর কাজ নয়।

ব্যক্তিগত পুরস্কার নিয়ে কথার লড়াইয়ে জড়ানোর ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর ভাষায়, নিজের সম্পর্কে কথা বলার চেয়ে মাঠে পারফর্ম করতেই বেশি মনোযোগী তিনি। ব্যালন ডি’অর নিয়ে প্রত্যেকের আলাদা মত থাকাটাকেও স্বাভাবিক বলে উল্লেখ করেন কেইন।

তবে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল বিষয়টি নিয়ে কিছুটা কড়া অবস্থান নিয়েছেন। ইয়ামালের মন্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, সেরা খেলোয়াড়দের নিজেদের পক্ষে প্রচারণা চালানোর প্রয়োজন হয় না।

একই সঙ্গে বায়ার্নের আরেক তারকা মাইকেল ওলিসেকেও ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করেছেন এবার্ল। তাঁর মতে, ফরাসি উইঙ্গারও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।

এদিকে এত আলোচনা-সমালোচনার মধ্যেও কেইন নিজের পারফরম্যান্সেই মনোযোগ রাখতে চান। ব্যালন ডি’অর নিয়ে তিনি বলেন, পুরো প্রক্রিয়াটিই উপভোগ করছেন এবং শেষ পর্যন্ত কী হয়, সেটি দেখার অপেক্ষায় আছেন। আপাতত তাঁর লক্ষ্য মাঠে নিজের কাজ করে যাওয়া।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, ফুটবলের বর্ষসেরা ব্যক্তিগত পুরস্কার কার হাতে উঠছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three